নড়াইলে জাল নোটের ছাড়াছড়ি
‘আমার কাছেরতে মাছ কিনে কিডা যেন ৫০ টায়ার একখান জাল নোট দেছে। এর আগের দিনও কিডা যেন ১০০ টায়ার জাল নোট দেছেলো। আমি চালাতি পারিনি। দুকানে চাল কিনতি গিলি দুকানদার কলো এ টায়া জাল। আমি গরিব মানুষ। মাছ নিয়ে কেউ আমারে জাল নোট দিয়েন না।’ গতকাল শনিবার নড়াইল শহরের বাজারে মাছ বিক্রি করতে এসে ক্রেতাদের উদ্দেশে এ কথাগুলো বলছিলেন কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের ফারুক হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু শহরে নয়, জেলার বিভিন্ন গ্রামে প্রায়ই জাল নোট পাওয়া যাচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানগুলোতে প্রায়ই জাল নোট ধরা পড়ায় জাল নোট পরীক্ষার যন্ত্র কিনতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা।শহরের কয়েকজন ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তা বলেন, প্রচলিত নোটের সঙ্গে এসব জাল নোটের পার্থক্য অত্যন্ত সূক্ষ্ম। সহজে কেউ ধরতে পারবে না। শহরের রূপগঞ্জ বাজারের গার্মেন্টস ব্যবসায়ী দীপক কুমার ঘোষ, টিন ব্যবসায়ী মফিজুর রহমানসহ একাধিক ব্যবসায়ী জানান, কয়েক মাস আগে জাল টাকার বিস্তার লাভ করায় বাধ্য হয়ে তাঁরা জাল নোট পরীক্ষার মেশিন কিনেছেন। কেউ টাকা দিলে মেশিনে পরীক্ষা করে তার পরে সে টাকা তাঁরা গ্রহণ করেন। উত্তরা ব্যাংক রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক তাপস মুখার্জি বলেন, প্রচলিত নোটের সঙ্গে এসব জাল নোটের পার্থক্য অত্যন্ত সূক্ষ্ম। সহজেই কেউ ধরতে পারে না। সোনালী ব্যাংক ট্রেজারি শাখার ব্যবস্থাপক মাহামুদ উদ্দীন বলেন, টাকা মেশিনে চেক করে নেওয়ায় জাল টাকা নিয়ে সম্প্রতি কেউ ব্যাংকে আসছে না।নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, গ্রামগঞ্জের বিভিন্ন হাট-বাজারে জাল নোটসহ অনেকেই ধরা পড়ে। কিন্তু ঝামেলা এড়ানোর জন্য পুলিশে না দিয়ে মারধর করে ছেড়ে দেওয়া হয়। এ কারণে এই চক্রের সদস্যদের আটক করা সম্ভব হচ্ছে না।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঈদের আগে জাল নোটের প্রচলনটা একটু বেশি দেখা যায়। গত মঙ্গলবার সদর উপজেলার নাকশিহাট থেকে জাল নোটসহ সানি তালুকদার নামের এক যুবককে আটক করা হয়। জাল নোটের বিস্তারের ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।