নড়াইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে নড়াইল সরকারি শিশু সদনে শিশুদের মধ্যে তোয়ালে বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ১২টি শিশুকে কার্যালয়ের কক্ষে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর নানা অনিয়মের প্রতিবাদে প্রতিষ্ঠানটির শিশুরা সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। তারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান কাওসারের কাছে শিশু সদনের তত্ত্বাবধায়কসহ তিনজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাঁদের অপসারণ দাবি করে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এক ঘণ্টা পর শিশুরা সদনে ফিরে যায়।
শিশু সদনের শিশুদের সূত্রে জানা গেছে, সদনে কাগজ-কলমে ৮৮টি শিশু আছে। বৃহস্পতিবার উপস্থিত ছিল ৭০ জন। ঈদ উপলক্ষে সব শিশুকে একটি করে লুঙ্গি ও তোয়ালে দেওয়ার কথা। দুপুরে বড় শিশুদের একটি করে লুঙ্গি ও তোয়ালে দেওয়া হয়। কিন্তু ছোটদের একটি করে লুঙ্গি ও দুজনকে একটি করে তোয়ালে দেওয়া হয়। এ অনিয়মের প্রতিবাদ করলে শিশু সদনের সহকারী তত্ত্বাবধায়ক উমিদুন্নাহার, মেট্রন মমতাজ বেগম, অফিস সহকারী জাহিদুল আলম, কর্মচারী আবদুল খালেক মিলে সবুজ, তুষার, শাকিল, সাকিবসহ ১২টি শিশুকে কার্যালয়ের কক্ষে আটকে রেখে নির্যাতন করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে অন্য শিশুরা কক্ষের জানালার কাচ ভাঙচুর করে।
সদনের কয়েকজন ছাত্র জানায়, এখানে প্রয়োজনীয় সংখ্যক টেবিল, বাতি ও আলনা নেই। ১০টি কক্ষে ৩০টি বৈদ্যুতিক ফ্যানের স্থলে আছে ছয়টি। শৌচাগার পরিষ্কার করার জন্য কোনো সুইপার নেই, বিছানার চাদর ঠিকমতো পরিষ্কার করা হয় না। অনেক সময় ক্লাস না করিয়ে সদনের আঙিনা পরিষ্কার করানো হয়। এসব অনিয়মের প্রতিবাদ করলে সদন থেকে বের করে দেওয়ার ভয় দেখানো হয়।
উমিদুন্নাহার বলেন, ছোট শিশুদের তোয়ালে চুরি হয়ে যাবে—এমন আশঙ্কায় আটটি তোয়ালে পরে দেওয়া হবে বলে আলাদা করে রাখা হয়েছিল। শিশুদের আটকে রেখে নির্যাতনের অভিযোগ তিনি অস্বীকার করেন। শিশু সদনের উপতত্ত্বাবধায়ক শামীম রেজা ও সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক বাচ্চু সিকদার বলেন, বিষয়টি মীমাংসা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।