নড়াইলে ঝুঁকি নিয়েই ৪৩ বিদ্যালয়ে চলছে কার্যক্রম
ভবনের কাঠামো একেবারে নড়বড়ে। দরজা-জানালা ভেঙেচুরে গেছে। শীতকালে ঠান্ডার তীব্রতায় শিক্ষার্থীরা কক্ষে টিকতে পারে না। আর বৃষ্টি হলে ছাদ বেয়ে পানি পড়ে। বৃষ্টির ঝাপটা দরজা-জানালা দিয়ে ভেতরে ঢোকে। এতে বই-খাতাসহ খুদে শিক্ষার্থীরা ভিজে যায়। এভাবেই চলছে নড়াইল সদর উপজেলার মির্জাপুর মুন্সি সাইদুর রহমান প্রাথমিক বিদ্যালয় (রেজিস্টার্ড)।
শুধু এই বিদ্যালয় নয়, জেলার অন্য ৪২টি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাও একই রকম।
মুন্সি সাইদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শিউলি আক্তার, মো. জসিম উদ্দীন, সাব্বির আহম্মদ ও কল্পনা রানী বলে, কক্ষের ছাদ ফেটে চৌচির হয়ে গেছে। দরজা-জানালাও ভেঙেচুরে গেছে। তাই শীতের সময় কক্ষে টেকা যায় না। বর্ষায় ঘরের ছাদ চুইয়ে পানি পড়ে। বই-খাতা ও জামাকাপড় ভিজে যায়। তাই আকাশে মেঘ দেখা দিলেই বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।
শিউলি আক্তারের বাবা শমসের আলী বলেন, ‘শিক্ষার বিকল্প নেই। তাই ঝুঁকি সত্ত্বেও আমি বাধ্য হয়েই মেয়েকে বিদ্যালয়ে পাঠাচ্ছি। তবে মেয়ে বিদ্যালয়ে থাকার সময় খুবই দুশ্চিন্তায় থাকি।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহাদত হোসেন বলেন, শ্রেণীকক্ষ জরাজীর্ণ হওয়ার কারণে শিক্ষার্থীদের ঠিকভাবে পড়ানো যায় না। মাঝেমধ্যে তাদের গাছতলায় পাঠদান করা হয়। আকাশ মেঘলা হলে বা ঝড়-বৃষ্টির পূর্বাভাস পাওয়া গেলে দরজা-জানালাবিহীন ঘরের ছাদ ধসে পড়ার আশঙ্কায় শিক্ষার্থীদের ছুটি দিয়ে দিতে হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরও বলেন, বর্ষাকালে শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। প্রশ্নপত্র ও শিক্ষা উপকরণ চুরির ভয়ে বাড়িতে নিয়ে রাখতে হয়। এই এলাকায় একটি মাত্র রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় (বর্তমানে সরকারি)। ১৯৯৪ সালে স্থাপিত এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১০৩। শিক্ষক তিনজন। শ্রেণীকক্ষে বসার জায়গা না থাকায় দুই পালায় ক্লাস নিতে হয়। বেসরকারি রেজিস্টার্ড বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের সহায়তায় জন্য বছর বছর আবেদন করা হয়। কিন্তু গত ১৬ বছরে কোনো সাড়া মেলেনি।
সরেজমিনে দেখা গেছে, অন্য ৪২টি বিদ্যালয়ের অবস্থাও মুন্সি সাইদুর রহমান বিদ্যালয়ের মতোই; নয়তো তার চেয়েও খারাপ।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৮০টি। এগুলোর মধ্যে ৪৩টি বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৫টি, লোহাগড়ায় ১৫টি এবং কালিয়া উপজেলায় ১৩টি বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, উপজেলার ঝুঁকিপূর্ণ ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চরম ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা সাতটি। এসব বিদ্যালয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এসব বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বিদ্যালয়সংলগ্ন জায়গায় টিনশেড ঘর নির্মাণ করার প্রস্তাব পাঠানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে এসব টিনশেড ঘর নির্মাণ করা হবে।
লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃঞ্চপদ সরকার বলেন, তাঁর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৬০টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ১৫টি। তবে কর্তৃপক্ষ পদক্ষেপ না নেওয়ায় ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের পাঠ দেওয়া হচ্ছে। কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম নাজমুল হক বলেন, কালিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৪৮টি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের সংখ্যা ১৩টি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেসের আলী বলেন, ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম চালানোর মতো পরিবেশ নেই। বিকল্প হিসেবে বিদ্যালয়সংলগ্ন জায়গায় টিনশেড ঘর নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। অর্থ বরাদ্দ পাওয়া গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।