নড়াইলে ঝড়ে দুই শিশুসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের ওপর দিয়ে গত শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখীতে নড়াইল পৌরসভার একাংশসহ তিনটি ইউনিয়নের ২০টি গ্রাম লন্ডভন্ড হয়েছে। ঝড়ে ঘরের ওপর গাছচাপা পড়ে একই পরিবারের দুই শিশুসহ তিনজন মারা গেছে।
নিহত তিনজন হলো সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ছোট বাগডাংগা গ্রামের নাবি উদ্দীনের মেয়ে পিয়ারী বেগম (১৩) ও ছেলে আলফাজ উদ্দীন (৬) এবং বাসগ্রাম ইউনিয়নের কলিমন বাসগ্রামের বিকাশ বিশ্বাস (৫৫)।
গাছচাপায় আহত হয়ে নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়েছে সালাউদ্দীন, দীপালি, তহিদুল ফকির, প্রকাশ বিশ্বাস, আছিয়া বেগম, পাগরী ও জাহাঙ্গীর ফকির নামের সাতজন। তাদের বাড়ি শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাছিমা খাতুন বলেন, ঝড়ে প্রায় ৩০০ ঘরবাড়ি ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া বেশ কিছু গবাদি পশুও মারা গেছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত লোকজনের প্রত্যেকের পরিবারে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং গৃহনির্মাণ সামগ্রীসহ খাদ্য বিতরণ করা হবে।