নড়াইলে টিসিবির পণ্য পাচ্ছে না সাধারণ মানুষ
পবিত্র মাহে রমজানে নড়াইলে টিসিবির পণ্য পাচ্ছে না সাধারণ মানুষ। জেলা ও উপজেলা পর্যায়ে ডিলারদের মালামাল বিক্রির কোনো কার্যক্রম না থাকায় নিম্নমধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ বাজার থেকে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বাধ্য হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় টিসিবির মোট ২১ জন ডিলার রয়েছেন। নিয়মানুযায়ী টিসিবির পণ্য উত্তোলনের পর স্থানীয় প্রশাসনকে অবগত করে দৃশ্যমান নির্দিষ্ট স্থানে লাল কাপড়ে (ব্যানার) মূল্যতালিকা লিখে সেগুলো বিক্রি করার কথা। ডিলাররা নিয়ম মেনে তা বিক্রি করছেন কি না, ওজন ও দর ঠিক আছে কি না, তা তদারকির দায়িত্ব জেলা ও উপজেলা প্রশাসনের ওপর।
টিসিবির খুলনা আঞ্চলিক অফিসের ঊর্ধ্বতন কার্যনির্বাহী মো. রবিউল মোর্শেদ জানান, নড়াইল জেলায় ২১ জন ডিলার টিসিবির মালামাল উত্তোলন করেছেন। এর মধ্যে সদর উপজেলায় ৭ জন, লোহাগড়ায় ৮ জন ও কালিয়ায় ৬ জন রয়েছেন।
সদরের ডিলার হলো দীপ এন্টারপ্রাইজ, বিপি এন্টারপ্রাইজ, সুমন বাণিজ্য ভান্ডার, ওয়াহিদুজ্জামান এন্টারপ্রাইজ, আবুল হাসান বিশ্বাস ট্রেডার্স, শেখ প্রান্তর ও মারজানা এন্টারপ্রাইজ। লোহাগড়ায় মোল্লা ট্রেডার্স, মেসার্স নিশাত এন্টারপ্রাইজ, ঘোষ এন্টারপ্রাইজ, খান ট্রেডার্স, সরকার এন্টারপ্রাইজ, কুণ্ডু ট্রেডার্স, আশিক এন্টারপ্রাইজ ও শেখ পান্না এন্টারপ্রাইজ। কালিয়ায় বিশাল এন্টারপ্রাইজ, মেসার্স মোস্তফা এন্টারপ্রাইজ, মেসার্স মোল্লা অ্যান্ড সন্স, চাচুড়ি মোল্লা ট্রেডার্স, পিয়াস এন্টারপ্রাইজ ও লিয়া এন্টারপ্রাইজ।
দুই দিনে (মঙ্গল ও বুধবার) জেলা এবং উপজেলা ঘুরে টিসিবির পণ্য বিক্রির কোনো দোকান চোখে পড়েনি। তবে জেলা শহরে একটি ট্রাকে করে মেসার্স শেখ প্রান্তর এন্টারপ্রাইজের শেখ শামছুজ্জামানকে মাল বিক্রি করতে দেখা গেছে। তিনি বলেন, ১৪ মে থেকে এভাবে মালামাল বিক্রি করা হচ্ছে। তিনি দাবি করেন, এ-সংক্রান্ত জেলা প্রশাসকের কার্যালয়ে একটি তালিকাও পাঠানো হয়েছে। ডিলার একবার করে বরাদ্দ পেয়েছেন। নতুন বরাদ্দ পাওয়া গেলে ডিলার আবার পণ্য তুলতে পারবেন।
নড়াইল জেলা মার্কেটিং কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমার জানামতে সদরে তিনজন এবং কালিয়ায় একজন টিসিবির পণ্য তুলেছেন।’
বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক মো. এমদাদুল হক বলেন, ‘শুনেছি কোনো ডিলার টিসিবির পণ্য উত্তোলন করে এলাকায় বিক্রি করছেন না। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’