নড়াইলে তিন দিনব্যাপী সুলতান উৎসব শুরু
‘সংস্কৃতিচর্চাই হোক আমাদের প্রেরণা’ স্লোগান নিয়ে নড়াইলে শুরু হয়েছে সুলতান উৎসব। গতকাল মঙ্গলবার সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ।
তিন দিনব্যাপী এ উৎসবে চিত্র প্রশিক্ষণ কর্মশালা, চিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, নৌকাবাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। উৎসবের আয়োজক এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে ৯২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান পরে আয়োজন করা হয়েছে।
গতকাল বিকেলে সুলতান মঞ্চে তিন দিনব্যাপী চারুকলা কর্মশালা উদ্বোধনের পর শুরু হয় উৎসবের কার্যক্রম। জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ ছবি এঁকে উৎসবের উদ্বোধন করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ সামাদ উল্লাহ মজুমদার, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান, সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীল প্রমুখ উপস্থিত ছিলেন।