একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আজ বুধবার দুপুরে নড়াইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি মামলা হয়েছে। নড়াগাতির চর যোগানিয়া গ্রামের আবদুল খালেক সিকদার মামলাটি করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।
বিচারক মুহাম্মদ মাজাহারুল ইসলাম মামলাটি আমলে নিয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (তদন্ত) আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় সিরাজুল হক মোল্যার নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি দুজনের নাম উল্লেখ করা হয়নি।
বাদী আবদুল খালেক সিকদার মামলার আরজিতে বলেন, নড়াইলের নড়াগাতির সরসপুর গ্রামের সিরাজুল হক মোল্যা তাঁর সহযোগীদের নিয়ে একাত্তরে মুক্তিযুদ্ধকালে খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ১৯৭১ সালের ১১ জুলাই বিকেলে তাঁরা তাঁর ভাই মালেক সিকদারকে ধরে মুলশ্রী গ্রামের রাজাকার কমান্ডার আবু হারার বাড়িতে নিয়ে যান। সেখানে তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশ যোগানিয়া গ্রামের বিলের মধ্যে ফেলে রাখা হয়। এ ঘটনায় পরে থানায় মামলা করতে গেলেও মামলা নেওয়া হয়নি।