নড়াইলে দুই জোটই অপূর্ণাঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের ১০টি এবং বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ১৬টি দলের সাংগঠনিক কোনো ভিত্তি, কার্যক্রম এমনকি অস্তিত্বই নেই নড়াইলে।জোটভুক্ত দলীয় ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, ১৪-দলীয় মহাজোটে আওয়ামী লীগ, জাতীয় পার্টি (এ), ওয়ার্কার্স পার্টি, জাসদ (ইনু) এবং ১৮-দলীয় জোটে বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া জোটভুক্ত আর কোনো দলের কার্যক্রম দেখা যায় না।ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, নড়াইলে মহাজোট নামেই আছে। এখানে এর কোনো জোটভিত্তিক কর্মকাণ্ড নেই। সবকিছুই আওয়ামী লীগের নেতাদের হাতের মুঠোয়। তিনি মনে করেন, আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্যই নির্বাচনের আগে মহাজোট গঠন করা হয়েছিল। এখন মহাজোটের শরিক দলগুলোর তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা মর্মে মর্মে তা অনুধাবন করছেন। তিনি আরও জানান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদ (ইনু) ছাড়া মহাজোটের শরিক আর কোনো দলের অবকাঠামো নেই এখানে।জাসদ (ইনু) জেলা কমিটির সভাপতি হেমায়েত উল্লাহ জানান, যে রূপরেখায় ১৪-দলীয় মহাজোটের নেতৃত্বে সরকার গঠন হয়েছিল, নড়াইলে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। মহাজোটের শরিক দলগুলোকে আওয়ামী লীগ শুধু অবজ্ঞাই করছে না, অপমান-অপদস্তও করছে। তিনি আরও জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা টেন্ডারবাজি, জমি দখল, রাস্তার পাশের গাছ কাটা থেকে শুরু করে সব অপকর্মের সঙ্গে জড়িত। ভবিষ্যতে এর দায়-দায়িত্ব আওয়ামী লীগকেই বহন করতে হবে।জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন জোট সম্পর্কে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় বলেন, ‘নামেই তালপুকুর, ঘটি ডোবে না।’ তিনি জানান, স্থানীয় সাংসদেরা মহাজোটের কোনো খোঁজখবরই রাখেন না। মহাজোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আজ পর্যন্ত কুশল বিনিময়ও করেননি। তিনি অভিযোগ করেন, স্থানীয় সাংসদদের নেপথ্য ইন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা বিভিন্ন অপকর্মসহ টেন্ডারবাজি, বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ-বাণিজ্য করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এতে মহজোটের সুনাম ক্ষুণ্ন হয়েছে।বিএনপি জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো দলের কার্যক্রম নেই। শুনেছি, শরিক দলগুলোর মধ্যে ইসলামী ঐক্যজোট (আমিনি) থাকলেও জোটগতভাবে তাদের কোনো অংশগ্রহণ নেই।’ইসলামী ঐক্যজোটের জেলা সেক্রেটারি হাফেজ মাহাবুবুর রহমান জানান, জোটের নেতাদের সঙ্গে এখনো কোনো যোগাযোগ হয়নি।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মহম্মদ আলী প্রথম আলোকে জানান, নড়াইলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি ও জাসদ (ইনু) ছাড়া আর কোনো দলের অস্তিত্ব নেই। মহাজোট কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে। এর কোনো সাংগঠনিক কর্মকাণ্ড নেই। তবে তিনি তাঁর দলের নেতা-কর্মীদের টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিষয়টি অস্বীকার করেন।