নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা সদরের মির্জাপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন ২০ জন। এ সময় ২৫টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জাপুর গ্রামের বাসিন্দা ইমারুল গাজী ও শেখ আনিচুর রহমানের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শুক্রবার বিকেলে ইমারুল গাজী পক্ষের আজিম শেখ (৩৬) প্রতিপক্ষের শাওনকে (১৮) পিটিয়ে আহত করেন। এ ঘটনার পর উভয় পক্ষ দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। গুরুতর আহত নিয়ামুল হোসেন (২৫), ওমর শেখ (৩০) ও লাল্টুকে (৩২) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত নয়টার দিকে ওমর শেখ মারা যান। ওমরের মৃত্যুর খবরে আনিচুর পক্ষের লোকজন ইমারুল গাজী পক্ষের লোকজনের অন্তত ২৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ছাড়া পাশের বাজারের অন্তত ১৫টি দোকান ভাঙচুর করা হয়। সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত।