নড়াইলে দুই বাংলার চিত্রশিল্পীদের আর্ট ক্যাম্প সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাব্যতা হারানো এক সময়ের খরস্রোতা মধুমতীর তীরে পানিপাড়া গ্রাম। বেশির ভাগ বাসিন্দা খেটে খাওয়া মানুষ। বর্ষা মৌসুমে নদীভাঙন, জলাবদ্ধতা সেখানে লেগেই আছে। নদীর তীরে অরুণিমা ইকোপার্ক। মনোরম সবুজ নিরিবিলি পরিবেশে এখানে অনুষ্ঠিত হলো মধুমতী আর্ট ক্যাম্প। দুই বাংলার শিল্পীদের মিলনমেলা বসেছিল সেখানে। ৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে বাংলাদেশ চার দিনের ‘মধুমতী আর্ট ক্যাম্প-২০১০’। ক্যাম্পে ভারতের প্রখ্যাত শিল্পী বিজন চৌধুরী, প্রকাশ কর্মকার, রবীন মণ্ডল, অমিতাভ সেনগুপ্ত, বিপিন বিহারী গোস্বামীসহ ক্যালকাটা পেইন্টারসের ১৮ জন এবং বাংলাদেশের প্রখ্যাত শিল্পী কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, সমরজিত্ রায় চৌধুরী, কালিদাস কর্মকার, শহীদ কবির, নাজলী লায়লা মনসুর, ফরিদা জামান, রোকেয়া সুলতানাসহ ৪৮ জন শিল্পী অংশ নেন। গতকাল শনিবার ছিল ক্যাম্পের শেষ দিন। আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন। প্রতিদিন নানা আয়োজনে মুখরিত ছিল ক্যাম্প। প্রতিদিন সন্ধ্যায় শিল্পকলার ওপর আলোচনা, প্রামাণ্য চিত্র প্রদর্শন ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল কুষ্টিয়ার লালন একাডেমি সংগীত পরিবেশন করে। ভারতের শিল্পী প্রকাশ কর্মকার বলেন, কলকাতায় মার্কেটিংয়ের ক্ষেত্রে (ছবি বিক্রির ক্ষেত্রে) রাজনীতি থাকে। এ দেশে আছে কি না, জানা নেই। দুই বাংলার নামকরা শিল্পীদের একসঙ্গে কাজ করা বড় আনন্দের। বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বলেন, বেঙ্গল গ্যালারিতে ৫ জানুয়ারি থেকে কলকাতা পেইন্টার্সের প্রদর্শনী শুরু হয়েছে। এই প্রদর্শনী উপলক্ষে ভারতের ১৮ জন শিল্পী এসেছেন অংশ নিতে। তাঁদের আগমন উপলক্ষে এখানে দুই বাংলার শিল্পীদের নিয়ে একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ছবিগুলো বেঙ্গল গ্যালারিতে প্রদর্শন করা হবে।