নড়াইলে দুই মাসে ১০০ বাল্যবিবাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলকে বাল্যবিবাহমুক্ত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। প্রশাসনের হস্তক্ষেপে গত দুই মাসে প্রায় ১০০ বাল্যবিবাহ বন্ধ হয়েছে। বাল্যবিবাহ বন্ধে সদর উপজেলা ও লোহাগড়া উপজেলায় সচেতনতামূলক সভা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও শিক্ষা উপবৃত্তি দেওয়া শুরু হয়েছে।
জেলার মহিলাবিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সদর উপজেলায় গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ৭৩টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এ ছাড়া লোহাগড়া উপজেলায় ফেব্রুয়ারিতে ২১টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ফেব্রুয়ারিতে জেলা প্রশাসনের এক সভায় জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ আগামী জুনের মধ্যে নড়াইল জেলাকে বাল্যবিবাহমুক্ত করার ঘোষণা দিয়েছেন। ফলে প্রশাসনে বাল্যবিবাহ বন্ধে নানা উদ্যোগ শুরু হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন সচেতনতামূলক সভার উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। এসব সভায় বাল্যবিবাহ বন্ধে মসজিদের ইমাম ও নিকাহ রেজিস্ট্রারদের (কাজি) ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিভিন্ন সভায় জেলার কাজি, ইমাম ও বিদ্যালয়ের শিক্ষকদের সম্পৃক্ত করা হচ্ছে। এ ছাড়া বাল্যবিবাহ আইন মেনে চলার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হচ্ছে।
লোহাগড়ার ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, ফেব্রুয়ারিতে ২১টি বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদানসহ জরিমানা করেছেন। এর মধ্যে বর ও তাঁর বাবা, ঘটক, কাজিও রয়েছেন। উপজেলা প্রশাসন বাল্যবিবাহ বন্ধ করে দুই কিশোরীকে শিক্ষা উপবৃত্তি দিয়েছে। এ ছাড়া তাদের মধ্যে এক কিশোরীর মাকে বিধবা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে।
ইউএনও সেলিম রেজা বলেন, ২৯ ফেব্রুয়ারি দুপুরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নে পদ্মবিলা গ্রামের আদম শেখের ছেলে পলাশ শেখের (২০) সঙ্গে একই উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক কিশোরীর বিয়ে ঠিক হয়। ওই কিশোরী স্থানীয় কওমি মাদ্রাসার ছাত্রী। খবর পেয়ে বিয়ের আগের দিন ভ্রাম্যমাণ আদালত গিয়ে বিয়ে বন্ধ করেন। পাশাপাশি মেয়ের বাবা ও ছেলেকে এক মাস করে কারাদণ্ড দেন। জেলা ও উপজেলা পর্যায়ে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুর আমির বলেন, শিক্ষা ও সচেতনতার অভাবে এবং আইনের প্রয়োগ কম থাকায় বাল্যবিবাহ বন্ধ করা যাচ্ছে না। জেলা প্রশাসনের উদ্যোগের ফলে বিভিন্ন পর্যায়ে সচেতনতা সৃষ্টি হচ্ছে। এর সুফল পাওয়া যাবেই।