নড়াইলে ধর্ষণের ভিডিওচিত্র ধারণের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত বুধবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নড়াইল সদর থানায় একটি মামলা হয়েছে। মামলায় দুজনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন—সদর উপজেলার কলোড়া গ্রামের আইয়ুব মোল্লার ছেলে কামরুল ইসলাম (২২) ও শোভারঘোপ গ্রামের আবুল মোল্লার ছেলে রহমত মোল্লা (২৩)। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটায় ওই ছাত্রী প্রাইভেট পড়তে বাড়ির বাইরে আসে। এ সময় কামরুল ইসলাম মুঠোফোনে মেমোরি কার্ড দেওয়ার কথা বলে তাকে স্থানীয় গোবরা বাজারের চিত্রা স্টুডিওর পাশে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আগ থেকে অপেক্ষা করতে থাকা রহমত মোল্লা তাকে ধর্ষণ করে এবং ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করে। কিছুদিন পর ওই চিত্র মুঠোফোনে ছড়িয়ে পড়লে কামরুল ও রহমত ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে থানায় মামলা না করার জন্য হুমকি দেন। ওই ছাত্রীর মা বলেন, ‘সন্ত্রাসীরা আমার মায়েডার সর্বনাশ করে এহোন বাড়িরতে তুলে নিয়ে যাওয়ার জন্যি হুমকি দেচ্ছে।’ কামরুল ও রহমতদের বাড়িতে গিয়ে তাঁদের পাওয়া যায়নি। কামরুলের বড় ভাই মো. এনামুল বলেন, ‘আমার ভাই এ ঘটনার জন্য দায়ী নয়। রহমত এ ঘটনা ঘটিয়েছে। রহমতের মা হুরজাহান বেগম বলেন, ‘আমি ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে কিছু জানি না।’ওই ছাত্রী বলে, ‘আমার যে ক্ষতি হয়েছে তা যেন আর কোনো মেয়ের জীবনে না ঘটে। আমি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’