নড়াইলে নানা আয়োজনে এস এম সুলতানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকডাকা ভোরে জেগে ওঠে গোটা নড়াইল। হালকা শীতের প্রভাব উপেক্ষা করেই এস এম সুলতানের সমাধিতে তাঁর অনুরাগী ও ভক্তরা সমবেত হতে থাকেন। মুহূর্তের মধ্যে ফুলে ফুলে ছেয়ে যায় গোটা সমাধি। সারা দিনই সেখানে ছিল সুলতানের অনুরাগীদের ভিড়।গতকাল রোববার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়। শিল্পীর কবর জিয়ারত, ফাতেহা পাঠ এবং শেষে শিশুস্বর্গে আয়োজন করা হয় মিলাদ মাহফিল। ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা।বিশিষ্ট শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, জীবিত সুলতানের চেয়ে মৃত সুলতান অনেক বেশি শক্তিশালী। তাঁর চিত্রকর্মই এ কথা একদিন প্রমাণ করে দেবে। সুলতানের লালিত স্বপ্নের ফসল শিশুস্বর্গ একদিন শিশুদের সুকুমারবৃত্তি চর্চার পীঠস্থান হয়ে উঠবে।সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকীবুল বারী, সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান, শিক্ষাবিদ বিজন কুমার সাহা প্রমুখ।বিকেলে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন তৃতীয়বারের মতো আয়োজন করে নানা অনুষ্ঠান। ফাতেয়া পাঠ ও দোয়া কামনা শেষে বাঁধাঘাট চত্বরে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা। শেখ আবু হানিফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী গাউস আহম্মদ, অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আশিকুর রহমান, শিল্পী বিমানেষ বিশ্বাস প্রমুখ।