নড়াইলে নারী লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন
পুলিশের হাতে কয়েকজন নারীর শারীরিক লাঞ্ছনার প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে নড়াইলে মানববন্ধন করা হয়েছে। নড়াইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জাকিয়া পারভিন, জোছনা রানী, মিলন শেখ, রফিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নড়াইল-গোবরা সড়কের মাছিমদিয়া এলাকায় ছোট-বড় খানাখন্দ আর গর্তের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়ক মেরামত না করে গর্ত ভরাটের জন্য গত বৃহস্পতিবার সড়ক বিভাগের কতিপয় কর্মচারী ছোট একটি ট্রাকে করে কিছু ইটের খোয়া, বালুসহ পুলিশ নিয়ে আসেন। এ সময় এলাকার মানুষ প্রতিবাদ করলে ঘটনাস্থলে উপস্থিত এসআই সাইফুল ইসলামের সঙ্গে এলাকার মানুষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পুলিশ নারীদের লাঞ্ছিত করে।
সদর থানার ওসি সুবাস বিশ্বাস বলেন, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নারীরা যে কথা বলছেন, তা সঠিক নয়।