নড়াইলে নারী সাংসদ লাঞ্ছিত, গাড়ি ভাঙচুর
নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাংসদ কবিরুল হকের সমর্থকদের হাতে মহিলা সাংসদ (সংরক্ষিত আসন-৩৪৭) ফজিলাতুন নেসা বাপ্পি লাঞ্ছিত হয়েছেন। এ সময় তাঁর ব্যবহূত গাড়ির কাঁচ ভাঙচুর করা হয়। সাবেক সাংসদ আবু সাঈদ এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজাকেও মারধর করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে নড়াইল সার্কিট হাউস মিলনায়তন ও চত্বরে এসব ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলা ভেঙে ‘পুরুলিয়া’ নামে নতুন একটি উপজেলা গঠনকল্পে মতবিনিময় সভায় কবিরুল হক নতুন উপজেলা গঠনের বিপক্ষে অবস্থান নেন। একপর্যায়ে সাংসদ ফজিলাতুন নেসা বাপ্পি তাঁকে (কবিরুল) নতুন উপজেলা গঠনসংক্রান্ত অতীতের বর্ণনা না দিয়ে এলাকার সাধারণ মানুষের দাবির বর্তমান প্রেক্ষাপটের ওপর বক্তব্য দেওয়ার অনুরোধ করেন। এতে কবিরুল হক ও তাঁর সমর্থকেরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁরা ফজিলাতুন নেসার ওপর হামলা চালান এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সার্কিট হাউসে র্যা ব মোতায়েন করা হয়।