তীব্র শীতে নড়াইলে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগের প্রকোপ দেখা দিয়েছে। গত ২০ দিনে জেলায় চারটি শিশু নিউমোনিয়া ও শ্বাসকষ্টে মারা গেছে। এ সময়ের মধ্যে আরও প্রায় তিন শতাধিক শিশুকে ভর্তি করা হয়েছে সদর, লোহাগড়া ও কালিয়া হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে। এ ছাড়া আরও সহস্রাধিক শিশুকে হাসপাতালগুলোর বহির্বিভাগে চিকিত্সা দেওয়া হয়েছে।কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি জোকা গ্রামের নুর ইসলামের ছেলে তরিকুল (৪) ও ১১ জানুয়ারি নোয়াগ্রামের আবদুর রশিদের ছেলে ইছানুর (চার দিন) নিউমোনিয়া ও শ্বাসকষ্টে স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে। ১-১৮ জানুয়ারি পর্যন্ত ওই হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫টি শিশু।সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪ জানুয়ারি পানতিতা গ্রামের সুজন বিশ্বাসের মেয়ে বেবি (এক দিন) ও ২ জানুয়ারি সদর উপজেলার আড়ংগাছা গ্রামের আবুল কাশেমের মেয়ে তাওমিনা (ছয় মাস) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছে। ১-১৮ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে ১৫৫ জন শিশু ভর্তি হয়েছে।সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, শিশুদের জন্য শয্যা আছে মাত্র ছয়টি। শিশু রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেককে বারান্দা ও মেঝেতে স্থান নিতে হয়েছে।সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ অনিতা সাহা জানান, তীব্র শীতে বর্তমানে শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রগুলোতেও এসব রোগে আক্রান্ত অনেক শিশু চিকিত্সা নিচ্ছে।