নড়াইলে নির্বাচনী সহিংসতা নিহত ১, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার তারাপুর গ্রামে গতকাল শনিবার ভোররাতে নির্বাচনী সহিংসতায় একজন নিহত ও কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থী মো. খায়রুজ্জামান খায়ের এবং সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।এ সময় উভয়পক্ষের ৬০-৭০টি ঘর ভাঙচুর করা হয় এবং এক পক্ষের তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে উত্তেজনা বিরাজ করায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নিহত ব্যক্তির নাম মামুন শেখ (৪৫)। তিনি সাইফুল ইসলামের ফুফাত ভাই। গতকাল শনিবার সকালে পুলিশ তার মরদেহ চিত্রা নদীর শিঙ্গাশোলপুরের পুরোনো খেয়াঘাট এলাকা থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে সাইফুলের সমর্থক হিরু শেখকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে তারাপুর চৌরাস্তা মোড়ে খায়ের চেয়ারম্যানের সমর্থক শিঙ্গা গ্রামের আলম খানের ছেলে রব্বানী অপর চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে তখন উভয়পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তারপর ভোর রাতে পাল্টাপাল্টি হামলা ও ঘর ভাঙচুরের ঘটনা ঘটে। সাইফুল ইসলাম অভিযোগ করেন, খায়েরের এক থেকে ১৫০ জন সমর্থক পরিকল্পিতভাবে শেষ রাতে তার সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ওই সময় তাঁরা তাঁর ফুফাতো ভাই মামুনকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেয়। এ অভিযোগ অস্বীকার করে খায়রুজ্জামান বলেন, ‘ সাইফুল ইসলাম আমাকে ফাঁসাতে তথার ফুফাত ভাই মামুনকে পরিকল্পিতভাবে খুন করেছে এবং তার লোকজন আমার সমর্থকদের বাড়িঘর ভাঙচুর করেছে।’ সদর উপজেলার মির্জাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক শচীন্দ্রনাথ বিশ্বাস বলেন, ভোররাতে সংঘর্ষ হওয়ার সংবাদ পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো থানায় কোনো পক্ষই মামলা করেনি।