নড়াইলে নিয়ন্ত্রণহীন জন্মহার-বাল্যবিবাহ
‘দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়’—পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই স্লোগান বাস্তবে নয়, কাগুজে বিষয়ে পরিণত হচ্ছে। সরকারিভাবে জন্মনিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও নড়াইলের বিভিন্ন আদিবাসীপাড়া, ঋষিপাড়া, আশ্রয়ণ ও গুচ্ছগ্রামগুলোয় জন্মহার ও বাল্যবিবাহ এখন নিয়ন্ত্রণের বাইরে।জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের তথ্যানুযায়ী, জেলায় মোট সাতটি আশ্রয়ণ ও গুচ্ছগ্রামে ৭৭৩টি পরিবার বসবাস করে। এখানে সক্ষম দম্পতি রয়েছেন ৫১৮ জন এবং জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেন ৪৭৩ জন। কিন্তু প্রথম আলোর অনুসন্ধানে পাওয়া গেছে ভিন্ন চিত্র। জনসংখ্যা বৃদ্ধির হার কমানোর জন্য প্রত্যেক মাঠকর্মীকে প্রতি মাসে দুটি করে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের নির্দেশনা থাকলেও তা হচ্ছে না।আদিবাসীপাড়া, ঋষিপাড়া, আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের দম্পতিরা জানান, সন্তান জন্ম নেয় সৃষ্টিকর্তার ইচ্ছায়। এতে তাঁদের কিছুই করার নেই। তা ছাড়া অনেক পরিবার একটি ছেলের আশায় অধিক সন্তানের জন্ম দিচ্ছে। এসব পাড়ায় জন্মহার বৃদ্ধির জন্য বাল্যবিবাহের হার বেশি। মাঝেমধ্যে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা এসব পাড়ার নারীদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে পরামর্শ দিলেও তা কাজে আসছে না।কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়ড়িয়া গুচ্ছগ্রামে সাত সন্তানের মা আছেন তিনজন, ছয় সন্তানের মা চারজন, পাঁচ সন্তানের মা ১৮ জন এবং চার সন্তানের মা পাঁচজন। নয় সন্তানের মা রিক্তা বেগমের স্বামী মারা গেছেন চার বছর আগে। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কেন করেননি জানতে চাইলে তিনি বলেন, ‘বড়ি খাতি গিলি সুয়ামি আমারে মারধর কত্তো। কতো, ছল-মায়েগে আমি খাতি দেব, তোর কী?’নড়াইল পৌরসভার জমিদারবাড়ি-সংলগ্ন আদিবাসীপাড়ায় ছয় সন্তানের মা রয়েছেন একজন, চার সন্তানের মা আটজন এবং তিন সন্তানের মা আছেন নয়জন। ছয় সন্তানের মা তন্বী রানী জানান, তাঁর স্বামী রবি সরকার শহরে ভ্যান-রিকশা চালান। একটি ছেলের আশায় তাঁকে ছয়টি সন্তানের মা হতে হয়েছে। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ভালো না লাগায় কোনোটিই ব্যবহার করেন না তিনি। পৌরসভার কলইতলা ঋষিপাড়ায় পুলিন দাসের স্ত্রী নীলা দাস ছয় সন্তানের মা। এখানে পাঁচ সন্তানের মা আছেন একজন, চার সন্তানের মা তিন জন এবং তিন সন্তানের মা আছেন চারজন।সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফারহানা আফরোজ বলেন, আশ্রয়ণ ও আবাসন প্রকল্পের বসবাসকারীদের মধ্যে অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি অনেকের সহ্য হয় না। বেশির ভাগ পরিবার স্থায়ী পদ্ধতিও গ্রহণ করতে আগ্রহী নয়। তা ছাড়া এখানকার অনেক পরিবার কখন কোথায় চলে যায়, বোঝার উপায় নেই।জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক এস এম জাফরী প্রথম আলোকে জানান, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের ব্যাপারে জনগণকে সচেতন করতে তাঁদের মাঠকর্মীরা অত্যন্ত সচেষ্ট। আশ্রয়ণ ও আবাসন প্রকল্পের নিবন্ধিত দম্পতিরা বেশির ভাগই অন্যত্র চলে যান। এতে ধারাবাহিকতা ধরে রাখায় সমস্যা হয়। তিনি আরও জানান, প্রতিটি আশ্রয়ণ ও আবাসন প্রকল্পে দুটি সন্তানের পরিবারগুলোকে বসবাস করার সুযোগ দেওয়া উচিত। দুটি সন্তানের পরিবার সেখানে বসবাসের পর যদি অধিক সন্তানের জন্ম হয়, সে ক্ষেত্রে তাঁদের মাঠকর্মীদের জবাবদিহি থেকে যায়। তিনি দাবি করেন, মাঠকর্মীরা তাঁদের কাছে একাধিকবার গেলেও আশাব্যঞ্জক সাড়া পাওয়া যায় না। এতে এসব পাড়ায় বাল্যবিবাহের সংখ্যাও বৃদ্ধি পায়।