নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ প্রস্তাবিত ‘পাঁচ গ্রাম ইউনিয়ন পরিষদ’ বাস্তবায়নের দাবিতে গতকাল বুধবার দুপুরে জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে।মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলার সর্ববৃহৎ পেড়লী ইউনিয়নটি চিত্রা নদী দিয়ে দুই ভাগে বিভক্ত। এ কারণে নদীর পূর্ব পাশের পাঁচটি গ্রাম (পিড়লীস্থান, সাতবাড়িয়া, মহিষখোলা, পাটেশ্বরী ও যাদবপুর) সব সময়ই উন্নয়নবঞ্চিত। এই পাঁচ গ্রামকে নিয়ে প্রস্তাবিত ‘পাঁচ গ্রাম ইউনিয়ন’ গঠনের জন্য গ্রামবাসীর উদ্যোগে গত ফেব্রুয়ারি মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আগামী ১০ দিনের মধ্যে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন ইউনিয়ন বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে তারা আসন্ন ইউপি নির্বাচন বর্জন করবে বলে জানায়।জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘পাঁচ গ্রাম ইউনিয়ন পরিষদ গঠনের ব্যাপারে আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে গত ১৫ ফেব্রুয়ারি একটি পত্র পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রতিবেদন পাঠানোর জন্য কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’