নড়াইলে পাটের বাম্পার ফলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। পাটের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৭২ একর বেশি হয়েছে। সময়মতো বীজ, সার, কৃষি-উপকরণসহ ভালো দাম পাওয়ায় সোনালি আঁশের রঙিন স্বপ্নে বিভোর কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার ৫৮ হাজার ৩২৯ একর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আবাদ হয়েছে ৬৮ হাজার ৬০১ একর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় ২০ হাজার ১৯২ একর, লোহাগড়ায় ৩০ হাজার ৫০৫ এবং কালিয়া উপজেলায় ৭ হাজার ৯০৪ একর জমিতে আবাদ হয়েছে।

কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কৃষক গোলাম মোর্শেদ বলেন, ‘এ বছর এক একর জমিতে পাটের আবাদ করেছিলাম। ভালো পাট হয়েছে। পাট কাটা শুরু হয়েছে। আশা করি, ভালো দাম পাব।’

লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর গ্রামের কৃষক ছলেমান শেখ বলেন, ‘গতবারের চেয়ে এ বছর ১০ বিঘা বেশি জমিতে পাট লাগাইছি। খোদার ইচ্ছায় ফলন ভালোই হইছে। শুনতিছি বাজারে দামও ভালো। পাট কাটা হয়ে গেছে। নদীতে পচন দিয়ে শুকাতি দিছি। কিন্তু বিষ্টির জন্যি শুকানো যাচ্ছে না।’

মিঠাপুর বাজারে পাট বিক্রি করতে আসা নলদী গ্রামের হেমায়েত উদ্দীন জানালেন, পাট মণপ্রতি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তিনি বলেন, ‘একজন পাট কাটা শ্রমিককে তিন বেলা খাবারসহ দিনে ৪০০ টাকা মজুরি দিতে হচ্ছে। প্রতি মণ পাট কমপক্ষে দুই হাজার টাকা দরে বেচতি পারলি ভালো হতো।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শেখ আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই জেলার মাটি ও আবহাওয়া পাট চাষের উপযোগী। এই জেলাকে পাট চাষের আদর্শ জেলা বলা যায়। পাট পচনের জন্য রয়েছে অনেক ডোবা-নালা, খাল-বিল ও জলাশয়। এ বছর আগাম বর্ষা হওয়ায় পাট পচনের ক্ষেত্রে পানির কোনো সমস্যা দেখা দেয়নি। ফলন যেমন ভালো হয়েছে, তেমনি কৃষকেরা দামও ভালো পাবেন বলে আশা করা যাচ্ছে।