নড়াইলে পুলিশ পরিচয়ে ডাকাতি আহত ৩
নড়াইলে পুলিশ পরিচয়ে এক বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন। গত বুধবার গভীর রাতে সদর উপজেলার চালিতাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল শুক্রবার সাইফুর রহমান নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আহত ব্যক্তিরা হলেন: সুনীল বসু (৯০), তাঁর ছেলে নিত্যানন্দ বসু (৪০) ও প্রতিবেশী শংকর পাল (৫৫)। তাঁদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন নিত্যানন্দ বসু জানান, বুধবার দিবাগত রাতে ১২-১৪ জনের ডাকাত পুলিশ পরিচয়ে তাঁদের ঘরের দরজা খুলতে বলে। দরজা খোলার সঙ্গে সঙ্গে অস্ত্রের মুখে তারা তাঁর ১০ বছরের ছেলে অর্ককে জিমিঞ্চ করে। এ সময় ঠেকাতে গেলে ডাকাতেরা তাঁকে, তাঁরা বাবা ও প্রতিবেশী শংকরকে কুপিয়ে জখম করে। ডাকাতেরা তাঁদের বাড়ি থেকে ১১ ভরি স্বর্ণালংকার ও প্রায় এক লাখ ৩৫ হাজার টাকা লুটে নিয়ে যায়।পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম জানান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আরও জানান, এ ঘটনায় নিত্যানন্দ বসু বুধবার রাতেই বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফেদী গ্রামের সাইফুরকে গ্রেপ্তার করা হয়েছে।