নড়াইলে ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলায় নিজের বাসার ফ্যান মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মিস্ত্রি মারা গেছেন। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার মাইটকুমড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আশরাফ শেখ (৩৫)। তিনি মাইটকুমড়া গ্রামের ওমর শেখের ছেলে। আশরাফের স্ত্রী ও তিন ছেলে রয়েছে।
শমশের আলী নামে আশরাফের একজন প্রতিবেশী জানান, আশরাফ শেখ আজ সকালে নিজের ঘরের একটি ফ্যান মেরামত করছিলেন। ওই সময় বিদ্যুৎ না থাকায় সুইচ বন্ধ করতে ভুলে যান। মেরামতের মাঝে বিদ্যুৎ চলে এলে তিনি বিদ্যুতায়িত হন। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন আশরাফকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. দেলোয়ার হোসেন জানান, হাসপাতালে আনার আগেই আশরাফ মারা যান।