নড়াইলে বর্ষবরণ মেলায় ঘোড়দৌড়

নড়াইলের ব্রাহ্মণডাঙা এলাকায় বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল রোববার ব্রাহ্মণডাঙা মেলা আয়োজন কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিবছর এ প্রতিযোগিতা হয়। এবারের প্রতিযোগিতায় নড়াইল, যশোর, মাগুরাসহ বিভিন্ন এলাকার ২৫টি ঘোড়া অংশ নেয়।
দুই কিলোমিটার পথ পেরিয়ে নড়াইল সদর উপজেলার হৈদরখোলা গ্রামের হাবিবুর রহমানের ঘোড়া প্রথম, লোহাগড়া উপজেলার নওখোলা গ্রামের আকাশ হোসেনের ঘোড়া দ্বিতীয়, একই গ্রামের লিটন হোসেনের ঘোড়া তৃতীয় ও সদর উপজেলার সাধুখালী গ্রামের হোসেন আলীর ঘোড়া চতুর্থ হয়েছে।
নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু বিজয়ীদের সাত হাজার, পাঁচ হাজার, চার হাজার ও তিন হাজার টাকা করে পুরস্কার দেন। এ সময় ইউপির সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান নুরনবী, সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাদিয়ার রহমান, মেলা উদ্যাপন পর্ষদের সভাপতি তায়জুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্ষবরণ উদ্যাপন পর্ষদের সভাপতি তায়জুল ইসলাম বলেন, সম্রাট আকবরের রাজত্বকাল থেকে এই এলাকায় ঘোড়দৌড়সহ বর্ষবরণ উপলক্ষে তিন দিনব্যাপী মেলা হয়ে আসছে। সে ধারাবাহিকতা ধরে রাখতে এ ঘোড়দৌড়ের আয়োজন করা হয়।