নড়াইলে বাজার মাতাচ্ছে বাজিরাও মাস্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে জমে উঠেছে ঈদের বাজার। পুলিশি নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত নির্বিঘ্নে কেনাকাটা করছেন ক্রেতাসাধারণ। এবার মেয়েদের কাছে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে বাজিরাও মাস্তানির। ভারতীয় সিরিয়ালের নামানুসারে এসব পোশাকের নামকরণ করা হয়েছে।
ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, গত ঈদে মেয়েদের পছন্দের তালিকায় শীর্ষে ছিল কিরণমালা জামা। তারও আগে ছিল পাখি। আর এবার বাজার মাতাচ্ছে বাজিরাও মাস্তানি। এ ছাড়া ডার্লিং ও তেরেলিয়ে নামের ভারতীয় থ্রি পিস ও টু পিসগুলো তরুণীদের নজর কেড়েছে। কিন্তু ব্যতিক্রম তরুণদের বেলায়। তাঁদের পছন্দ দেশীয় পাঞ্জাবি। এর মধ্যে লিমিট ও আড়ংয়ের পাঞ্জাবিগুলোই রয়েছে পছন্দের শীর্ষে। তবে প্যান্টের বাজারে রয়েছে জিনস, থাই, চায়না ও ফরমালের প্রচুর চাহিদা।
শহরের রূপগঞ্জ বাণিজ্যিক এলাকার গার্মেন্টস মালিক দীপক কুমার জানান, নতুনত্বের ছোঁয়া এসেছে ঈদের বাজারে। মেয়েদের জন্য নামীদামি পোশাকের ছড়াছড়ি রয়েছে। বাজিরাও মাস্তানি ছাড়াও চাহিদা রয়েছে ভারতীয় দুই পার্টের কামিজ ও ঘাগড়ায়। এসব জামায় বেলবটম, তসর, কোলাপুরি, সার্টিন, সিল্ক, নেট, খাদির বিভিন্ন ধরনের কাপড় ব্যবহার করা হয়েছে। কামিজের ক্ষেত্রে কোমর পর্যন্ত টপসের ওপরে নেট, জর্জেট বা সিল্কের লম্বা কামিজ রয়েছে। নানা রঙের ঝলমলে এ পোশাকটি কিনছেন তরুণীরা।
শহরের কয়েকটি শপিংমল ঘুরে দেখা গেছে, বাজিরাও মাস্তানি বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। পরিবারের ছোট–বড় মেয়েদের জন্য বাজারে বেরিয়েছে বাজিরাও মাস্তানি, ডার্লিং ও তেরেলিয়ে। দাম ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। এ ছাড়া বিদেশি পোশাকের মধ্যে রয়েছে ডাল স্টার টু মাচ, দাম ৩ থেকে ৪ হাজার টাকা। মুস্তার্ন জামাটি বিক্রি হচ্ছে ২-৩ হাজার টাকায়। মাস্তি ২ হাজার ৫০০, সাহারা ৩ হাজার ৫০০, ফ্লোর টাচ, লং ড্রেস ও কটি ১ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ছেলেদের পাঞ্জাবি বাজারে ৯৫০ থেকে ৩০০০ টাকায় পাওয়া যাচ্ছে। শিশুদের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে ৩০০ থেকে ৭০০ টাকায়।
অন্যদিকে বিভিন্ন জুতা, জুয়েলারি, কসমেটিকসের দোকানগুলোতে ভিড় করছে ক্রেতারা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনে আরা বলেন, এবার ঈদবাজারে মেয়েদের পোশাক হিসেবে বাজার মাতাচ্ছে বাজিরাও মাস্তানি। তিনি বলেন, ‘বান্ধবীরা এ পোশাক কিনেছেন, তা দেখে আমারও কিনতে হলো।’
পৌর সুপার মার্কেটের ব্যবসায়ী আল আমিন বস্ত্রালয়ের মালিক আবুল কালাম, আলতাব হোসেন মার্কেটের ব্যবসায়ী সোনালি বস্ত্রালয়ের মালিক অবতার কুমার এবং জগদ্বন্ধু বস্ত্রালয়ের রতন কুমার বলেন, জামদানি ও কাতানের সঙ্গে দেশি প্রিন্টের শাড়ির চাহিদাও রয়েছে।