নড়াইলে বিএডিসির সার মিলছে না, চিন্তিত কৃষক
নড়াইলে বোরো চাষের জন্য বিএডিসির নন-ইউরিয়া (টিএসপি, ডিএপি, এমওপি) সার পাওয়া যাচ্ছে না। বেশি লাভের আশায় ব্যবসায়ীরা নিম্নমানের নন-ইউরিয়া সার আমদানি করে দোকানে ওঠাচ্ছেন, কিন্তু গুদাম থেকে ওই একই ধরনের সার ওঠাচ্ছেন না। এ কারণে সংকট দেখা দেওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন কৃষক। বিএডিসি কর্তৃপক্ষ দাবি করেছে, গুদামে হাজার হাজার মেট্রিক টন নন-ইউরিয়া সার পড়ে আছে। ডিলাররা গুদাম থেকে না ওঠানোর কারণে নড়াইলের বাজারে ওই সার পাওয়া যাচ্ছে না। কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের কৃষক রমজান শেখ বলেন, ‘গত বছর বোরো আবাদের জন্যি জমিতে দুই-তিনবার নন-ইউরিয়া সার দিতি হইছে। কিন্তু ফলন ভালো হয়নি। এ জন্যি এবার বিএডিসির সার খুঁজতিছি, পাচ্ছি না।’সদর উপজেলার নড়াইল গ্রামের কৃষক শাহেদ আলী অভিযোগ করেন, গত বছর আমদানিকারকদের টিএসপি সার এত নিম্নমানের ছিল যে জমিতে দুই-তিনবার দিতে হয়েছে। যার ফলে আমদানিকারকদের সারে কৃষকেরা আস্থা পাচ্ছে না। কারণ বাজারে বিএডিসির সারের মান সম্পর্কে কৃষকদের আস্থা আছে। তবে টাকা দিয়েও জেলার কোনো দোকানেই বিএডিসির সার মিলছে না।সরেজমিনে জেলার শাহাবাদ, মাইজপাড়া, মুলিয়া, তুলারামপুর, চণ্ডীবরপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কোনো ডিলার বা খুচরা দোকানে বিএডিসির নন-ইউরিয়া ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ডাই অ্যালুমিনিয়াম ফসফেট (ডিএপি), মিউরেট অব পটাশ (এমওপি) সার পাওয়া যায়নি। দোকানগুলোতে আমদানি করা সার দেখা গেছে, যা সংগ্রহ করা হয়েছে যশোরের নওয়াপাড়া এলাকার আমদানিকারকদের কাছ থেকে। জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে সরকার বিএডিসির ৩৯৩ মেট্রিক টন ও আমদানিকারকদের ৭০০ মেট্রিক টন ডিএপি সার বরাদ্দ দেয়। ১৯ জানুয়ারি পর্যন্ত ডিলাররা বিএডিসির মাত্র আট মেট্রিক টন সার তুলেছেন।বিএডিসির উপসহকারী পরিচালক রিপন মিয়া জানান, গত বছর বরাদ্দকৃত নন-ইউরিয়া সার সরবরাহ দিতে গিয়ে নাওয়া-খাওয়ার সময় পাওয়া যায়নি। কিন্তু এবার ভরা মৌসুমেও গুদাম ভরা সার। কেউ উত্তোলন করছেন না।জেলা সার ডিলার সমিতির সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান বলেন, প্রথমে আমদানিকারকদের সার বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে বিএডিসি থেকে নন-ইউরিয়া সার উত্তোলন করা হবে।জেলা কৃষি বিভাগের শস্য উৎপাদন কর্মকর্তা অশোক কুমার হালদার বলেন, বোরো চাষে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের প্রয়োগের আনুপাতিক হার প্রায় সমান। ফলে নন-ইউরিয়া সার প্রয়োগে হেরফের হলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে।জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, ডিলাররা বিএডিসি থেকে যে নন-ইউরিয়া সার উত্তোলন করছেন না, তা তিনি জানেন না। তবে সে রকম কিছু হলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।