নড়াইলে বিএনপি ও জামায়াতের অনেক নেতা-কর্মী এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে রয়েছেন নড়াইলের বিএনপি ও জামায়াতের অধিকাংশ নেতা-কর্মী। গত ২৭ অক্টাবরের হরতালের সময় ভাঙচুর, হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার আতঙ্কে দুই দলের অনেক নেতা-কর্মী এলাকা ছেড়েছেন।
পুলিশ সূত্র জানায়, ২৭ অক্টোবর ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টা হরতালের সময় নড়াইলের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি ছয়টি যানবাহন ভাঙচুর, আওয়ামী লীগের নেতাদের বাড়ি, আইনজীবী সমিতিতে হামলাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে দুটি এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি মামলা করা হয়।
এসব মামলায় জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র জুলফিকার আলী মণ্ডলসহ অজ্ঞাতনামা ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে বিএনপি ও জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, জুলুমবাজ এ সরকারের পতনঘণ্টা বেজে উঠেছে। জনগণ সোচ্চার হয়ে রাস্তায় নেমে পড়েছে। ‘মিথ্যা’ মামলা দিয়ে জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। তিনি এসব মামলা প্রত্যাহার করার দাবি জানান।
নড়াইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বি এম নুরুজ্জামান বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। নাশকতা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।