নড়াইলে বিএনপি সমর্থকদের ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছেন আ.লীগের কর্মীরা
নড়াইলের কালিয়া উপজেলা যুবলীগের এক নেতাকে কুপিয়ে আহত করার জের ধরে পুরুলিয়া গ্রামের ১৪টি পরিবারের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সমর্থকেরা পুলিশের উপস্থিতিতে ওই পরিবারগুলোর গরু-ছাগল, হাঁস-মুরগি, সেচযন্ত্র লুট করেছে বলেও অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে ও রাতভর থেমে থেমে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এলাকাবাসী ও থানার পুলিশ সূত্র জানায়, উপজেলার পুরুলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফকির ও সরদারপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছে। ফকিরপক্ষের লোকজন আওয়ামী লীগ এবং সরদারপক্ষ বিএনপি সমর্থক। গত ২৯ এপ্রিল কর্মসংস্থান কর্মসূচির মাটিকাটা নিয়ে উপজেলা যুবলীগের সহসভাপতি জাকাতুর ফকিরের সঙ্গে কামরুল সরদারের বচসা হয়। একপর্যায়ে কামরুলকে মারধর করা হয়। গত সোমবার দুপুরে জাকাতুর ফকির নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হকের সঙ্গে সাক্ষাৎ শেষে পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমাদুল খানকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলে করে উপজেলা শহরের গোহাটখোলার কাছে পৌঁছালে কিছু সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে জাকাতুরকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় পুরুলিয়া গ্রামের বিএনপি সমর্থকেরা জড়িত বলে সন্দেহ করা হয়। আহত জাকাতুরকে খুলনায় নেওয়ার পথে তিনি মারা গেছেন—এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের বিএনপি সমর্থকদের ঘরবাড়িতে হামলা চালানো হয়। গত মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, ১৪টি পরিবারের আধাপাকা ও টিনের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। পরিবারগুলোর ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরুলিয়া গ্রামের শাফায়েত সরদারের স্ত্রী মিনা খানম বলেন, কালিয়া শহরে কে বা কারা জাকাতুরকে মারধর করেছে। এ জন্য গ্রামে যারা বিএনপি করে তাদের ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ফকিরপক্ষের প্রায় এক-দেড় শ মানুষ এসে হামলা চালায়। এনায়েত সরদারের স্ত্রী জিন্নাত আরা, কিনায়েত সরদারের স্ত্রী জেসমিন দাবি করেন, তাঁদের সেচযন্ত্র, ধান মাড়াইয়ের যন্ত্র, হাঁস-মুরগি সবকিছু লুট করে নিয়ে গেছে। নান্টুর স্ত্রী আঞ্জিরা বেগম অভিযোগ করেন, ‘যারা ঘরবাড়ি ভাঙচুর লুটপাট করিছে, পুলিশ তাগে বাড়ি যায়ে গল্প করতিছে, নাশতা করতিছে।’ নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন জানান, পুলিশ গ্রামের এ পাশে থাকলে ওই পাশে ভাঙচুর, লুটপাট করা হয়।জাকাতুর ফকিরের ভাই হায়াতুর রহমান দাবি করেন, কামরুল সরদার সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তাঁর ভাইকে মেরে ফেলতে চেয়েছিল। খুলনায় নেওয়ার পথে সে মারা গেছে—এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ মানুষজন কয়েকজনের বাড়িতে ইটপাটকেল ছুড়েছে। কালিয়া উপজেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারের সবাই বিএনপির সঙ্গে সম্পৃক্ত। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা অন্যায়ভাবে ওদের ঘরদোর ভাঙচুর করেছে।’ কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ আহম্মদ বলেন, জাকাতুরকে আহত করায় ভাই হায়াতুর রহমান বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। অনিক শেখ (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে ভাঙচুরের ঘটনা ঘটে কী করে—এমন প্রশ্নের জবাবে ওসি দাবি করেন, পুলিশের উপস্থিতিতে কোনো অঘটন ঘটেনি। বাড়ি ভাঙচুর ঘটনায় থানায় কেউ মামলা দিতে আসেনি।সাংসদ কবিরুল হক প্রথম আলোকে বলেন, ‘দুটি ঘটনাই অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য দলের নেতা-কর্মীদেরও অনুরোধ করা হয়েছে।’