নড়াইলে বিদ্যালয় গুঁড়িয়ে দিলেন আ.লীগের নেতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগের একজন নেতা একটি প্রাথমিক বিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মাধবহাটি গ্রামের মাধবহাটি আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয় গত শনিবার গুঁড়িয়ে দেওয়া হয়।এ ঘটনায় নোয়াগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী আকবর হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় সাত-আটজনকে আসামি করে গতকাল সোমবার লোহাগড়া থানায় মামলা হয়েছে।এজাহারে উল্লেখ করা হয়েছে, মুন্সী আকবরের নির্দেশে শনিবার বেলা ১১টার দিকে ১০-১২ জন শ্রমিক শাবল, কুড়াল ও হাতুড়ি নিয়ে বিদ্যালয়ের আধাপাকা ভবনটি ভাঙতে শুরু করেন। কয়েক ঘণ্টার মধ্যে পুরো ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের আসবাব ও টিন লুট হয়।গণসাহায্য সংস্থা পরিচালিত এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলেনা বেগম প্রথম আলোকে বলেন, এলাকার শ্রমজীবী ব্যক্তিদের সন্তানদের শিক্ষা দেওয়ার লক্ষ্যে ১৯৯৫ সালে ৩৩ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এটিতে শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। দুজন শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা ৬০। ঘটনার সময় পাঠদান চলছিল। শিক্ষার্থীরা আতঙ্কে দৌড়ে চলে যায়। গণসাহায্য সংস্থার জেলা সমন্বয়কারী মো. আবুল বাসার বলেন, একটি চলমান স্কুলের অস্তিত্ব এভাবে বিলীন করে দেওয়া অকল্পনীয়।অভিযোগ অস্বীকার করে মুন্সী আকবর বলেন, ‘কারা স্কুল ভেঙে নিয়ে গেছে, আমি জানি না। আমি ঘটনার সময় ওখানে ছিলাম না।’ মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল আহসান বলেন, ‘একটি প্রভাবশালী মহল এ কাজ করেছে। তদন্ত চলছে। এজাহারভুক্ত আসামিদের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা মিলেছে।’