নড়াইলে বিদ্যালয় সংস্কারের নামে টাকা হরিলুট
নড়াইলের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারকাজ না করে বরাদ্দকৃত টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। নীতিমালা উপেক্ষা করে ৩০ জুনের আগেই হিসাবরক্ষণ অফিস থেকে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তারা টাকা তুলে নিয়েছেন। পরবর্তী সময়ে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত টাকার চেক বিতরণ করেছেন তাঁরা। এর মধ্যে বেশির ভাগ বিদ্যালয়েই সংস্কারকাজ করা হয়নি।গত বৃহস্পতিবার সদর উপজেলা শিক্ষা কমিটির সভায় এ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিষয়টি তদন্তের জন্য তিনটি উপকমিটিও গঠন করা হয়। কমিটিগুলো ২৯ আগস্ট প্রতিবেদন দাখিল করবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পিইডিপি-২ ও সরকারের রাজস্ব খাত থেকে নড়াইলের ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ের অনুকূলে সংস্কারকাজের জন্য ৬৩ লাখ ৬১ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস মুর্শিদা জানান, শিক্ষা অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন করে সংস্কারকাজ ছাড়াই ৩০ জুনের আগেই উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুকূলে টাকার চেক বিতরণ করেছেন।সরেজমিনে দেখা গেছে, সদর ও কালিয়া উপজেলার বেশির ভাগ বিদ্যালয়ে আংশিক কাজ হয়েছে। অনেক বিদ্যালয়ে কোনো কাজই হয়নি। সদর উপজেলা প্রকৌশলী আবদুল বারেক মণ্ডল বলেন, বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান কাজ না করেই বরাদ্দকৃত টাকা তুলে নিয়েছে।কালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান দাবি করেন, উপজেলার সব কটি বিদ্যালয়েরই কাজের মান সন্তোষজনক হওয়ায় কাজের টাকার চেক দেওয়া হয়েছে। তবে উপজেলা সহকারী প্রকৌশলী আলী আহম্মদ জানান, জুশালা, রামপুরা সরকারি ও খড়রিয়া বিপি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে কোনো কাজই হয়নি। রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনার রশিদ বলেন, ‘আমার চাকরির মেয়াদ শেষ হওয়ায় উপজেলা শিক্ষা কর্মকর্তা আমার কাছে বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকা দেননি।’এ ব্যাপারে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আলী আহসান বলেন, ‘শুনেছি বেশ কিছু বিদ্যালয়ে কাজ না করেই বরাদ্দকৃত টাকা উত্তোলন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ জেলা শিক্ষা কর্মকর্তা অশোক সমাদ্দার বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা তাকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি।