নড়াইলে বিভিন্ন দাবিতে ১ অক্টোবর থেকে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল-যশোর পথে রেললাইন ও গ্যাস লাইন স্থাপন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে সব বিষয়ে সম্মান, স্নাতকোত্তর চালু, নড়াইল পুরোনো ফেরিঘাট পয়েন্টে সেতু, হাসপাতাল নির্মাণসহ বিভিন্ন দাবিতে ‘নড়াইল উন্নয়ন সংগ্রাম কমিটি’ আগামী ১ অক্টোবর থেকে বৃহত্তর আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছে।সংগ্রাম কমিটির সদস্যসচিব শরীফ মুনির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের দুটি আসন থেকে নির্বাচন করে জয়ী হন। নির্বাচনী জনসভায় তিনি নড়াইলের উন্নয়নের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাঁর সেই প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি। এ কারণে নড়াইলের আমজনতা হতাশ ও ক্ষুব্ধ। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান বলেন, নড়াইল থেকে আরিচা-দৌলতদিয়া হয়ে ঢাকার দূরত্ব ৩৬৫ কিলোমিটার এবং মাওয়া হয়ে ঢাকার দূরত্ব ১২৬ কিলোমিটার। নড়াইল থেকে বেনাপোলের দূরত্ব ৭৬ কিলোমিটার। মাওয়া পয়েন্টে পদ্মা সেতু এবং ঢাকা বেনাপোল ভায়া নড়াইল জাতীয় মহাসড়ক নির্মিত হলে ঢাকা থেকে বেনাপোলের দূরত্ব হবে ২০২ কিলোমিটার। এতে ঢাকার সঙ্গে ভারতের সড়ক যোগাযোগ সহজতর ও সাশ্রয়ী হবে।সংগ্রাম কমিটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে সদর হাসপাতাল, লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক, নার্সসহ অন্যান্য শূন্যপদে নিয়োগ, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ কলেজ এমপিওভুক্তকরণ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে উন্নীতকরণ, জেলায় টিচার্স এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট ও বিএড কলেজ স্থাপন, কালিয়া বারইপাড়া পয়েন্টে সেতু নির্মাণ, শিশু পার্ক ও বিসিক শিল্প নগরী স্থাপন। স্থানীয় সাংসদ ব্রিগেডিয়ার (অব.) এস কে আবু বাকের বলেন, নড়াইলের সার্বিক উন্নয়নসহ ওই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।