নড়াইলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি
নড়াইলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে গতকাল বৃহস্পতিবার মতবিনিময় সভার আয়োজন করা হয়। নড়াইল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করে। অনুষ্ঠানটি একপর্যায়ে জনসভায় রূপ নেয়।
সভায় নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান বলেন, ১৮৮৬ সালে স্থাপিত সরকারি ভিক্টোরিয়া কলেজে আজও সব বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়নি। নড়াইলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতিও ছিল। অনতিবিলম্বে ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় দাবি আদায়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
নড়াইল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি অধ্যাপক চিকিৎসক এম এ ওহাবের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দিক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, অধ্যাপক মুন্সি হাফিজুর রহমান, অধ্যক্ষ আবদুল গফুর, নারীনেত্রী সৈয়দা জাহানারা অহীদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার প্রমুখ।