নড়াইলে বেশির ভাগ প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ নেই
নড়াইলের বেশির ভাগ সরকারি এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নলকূপ নেই। কোনো কোনো বিদ্যালয়ের নলকূপ নষ্ট হয়ে পড়ে রয়েছে সাত-আট বছর। এ ছাড়া বেশ কিছু নলকূপের মাথা চুরি হয়ে গেছে। এবং কিছু নলকূপে মাত্রাতিরিক্ত আর্সেনিক থাকায় এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা খাবার পানির সংকটে ভুগছে।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ২৮৬টি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৮৩টি। এ ছাড়া কমিউনিটি বিদ্যালয় সাতটি এবং কিন্ডারগার্টেন রয়েছে ১৪টি। মোট ৪৯০টি বিদ্যালয়ের মধ্যে দুই শতাধিক বিদ্যালয়ে নলকূপ নেই। এ ছাড়া অনেক বিদ্যালয়ের নলকূপের মাথা চুরি হয়ে গেছে। কিছু বিদ্যালয়ের নলকূপের পানিতে অতিরিক্ত মাত্রায় আর্সেনিক রয়েছে। সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, উপজেলায় ৯৮টি সরকারি ও ৬৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া কিন্ডারগার্টেন রয়েছে ১০টি। এর মধ্যে সরকারি ৪০টি এবং বেসরকারি ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। প্রায় ১০টি বিদ্যালয়ের নলকূপের মাথা চুরি হওয়ায় তা অকেজো অবস্থায় পড়ে রয়েছে।লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, উপজেলায় ৯৮টি সরকারি এবং ৬০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারি ২৯টি এবং বেসরকারি ২৬টি বিদ্যালয়ে কোনো নলকূপ নেই। এ ছাড়া একটি কমিউনিটি এবং ১০টি কিন্ডারগার্টেনের কোনোটিতেই নলকূপ নেই। ফলে এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা খাবার পানির সংকটে রয়েছে। এ সমস্যা নিরসনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। কিন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবানী শংকর দাস জানান, উপজেলায় ৯০টি সরকারি এবং ৫৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭টিতে নলকূপ অকেজো অবস্থায় রয়েছে। ২৫টি নলকূপে অতিরিক্ত আর্সেনিক রয়েছে। এ ছাড়া একটি কমিউনিটি এবং ১২টি কিন্ডারগার্টেনের কোনোটিতেই নলকূপ নেই।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, বিদ্যালয়ে নলকূপ না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।