নড়াইলে ভারতের রাষ্ট্রপতির প্রয়াত স্ত্রীর নামে হাসপাতাল হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াত স্ত্রী শুভ্রা মুখার্জির নামে নড়াইলে শুভ্রা মুখার্জি মেমোরিয়াল হাসপাতাল হচ্ছে। নড়াইল শহর থেকে এক কিলোমিটার পশ্চিমে নড়াইল-যশোর সড়কের পাশে সদর উপজেলার বাঁশভিটা গ্রামে এই হাসপাতাল হবে।
গতকাল মঙ্গলবার সকালে সেখানে প্রস্তাবিত হাসপাতালের ছবিসংবলিত সাইনবোর্ড টাঙানো হয়। শুভ্রা মুখার্জির বাবার বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে।
সাইনবোর্ড টাঙানোর সময়ে উপস্থিত ছিলেন শুভ্রা মুখার্জি মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য বেঙ্গল গ্রুপ ও আরটিভির ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, সাবেক সচিব মোহাম্মদ মুসা, শারমিন গ্রুপের চেয়ারম্যান মো. ইসমাইল হুসাইন ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর। এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস, পৌরসভার মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, শুভ্রা মুখার্জির মামাতো ভাই কার্তিক ঘোষ প্রমুখ।
বেঙ্গল গ্রুপের এস্টেট বিভাগের ব্যবস্থাপক আশরাফুল আলম জানান, শুভ্রা মুখার্জি মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে এ হাসপাতাল হচ্ছে। প্রথম পর্যায়ে তিনতলা এ হাসপাতালে ৫০টি শয্যা থাকবে। হয়তো মার্চের মধ্যে ভবন নির্মাণ শুরু হবে।