নড়াইলে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
নড়াইলে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মাসুদ শেখ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
মাসুদ শেখ নড়াইল সদর উপজেলার ফেদি গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
নড়াইল আদালতের পুলিশ পরিদর্শক রুখসানা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি সকাল নয়টার দিকে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপনে খবর পায়, ফেদিবাজারে ফেনসিডিল কেনাবেচা হচ্ছে। তখন সেখানে অভিযানে যায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বাজারের ব্যাগসহ পালানোর চেষ্টা করেন মাসুদ। তখন তাঁকে আটক করে পুলিশ। তাঁর ব্যাগে ৭৮ বোতল (৭ দশমিক ৮ কেজি) ফেনসিডিল পাওয়া যায়। ওই দিনই তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা করে পুলিশ।
পুলিশ পরিদর্শক রুখসানা খাতুন আরও বলেন, ওই মামলার শুনানি শেষে মাসুদ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।