নড়াইলের মামলায় খালেদার ৬ মাসের জামিন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিনের মেয়াদ বাড়ল

মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার করা জামিন আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার এ আদেশ দেন।
এদিকে মানহানির অভিযোগে ঢাকায় করা অপর এক মামলায় সোমবার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন খালেদা জিয়া, যার ওপর একই বেঞ্চে আগামীকাল মঙ্গলবার শুনানি হতে পারে।
নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লায় করা এক মামলায় কুমিল্লার আদালতে থাকা খালেদা জিয়ার জামিন আবেদন সাত দিনের মধ্যে নিষ্পত্তি করতে কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। খালেদা জিয়ার করা আপিল নিষ্পত্তি করে এ আদেশ দেওয়া হয়।
অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছেন হাইকোর্ট। মেয়াদ বাড়াতে খালেদার আইনজীবীদের আরজির পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ওই মেয়াদ বাড়ান। এ নিয়ে ওই মামলায় পঞ্চম দফায় খালেদার জামিনের মেয়াদ বাড়ল।
ওই মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের ওপর হাইকোর্টের এই বেঞ্চে শুনানি চলছে। ওই মামলায় বিচারিক আদালতের রায়ের ৫ মাসের মাথায় ১২ জুলাই আপিলের ওপর শুনানি শুরু হয়। ১৫তম দিনের মতো শুনানি গ্রহণ করে আদালত আগামী ২ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেছেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও আবদুর রেজাক খান। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, অবকাশ শেষে ১ অক্টোবর নিয়মিত আদালত বসবে। এ অবস্থায় হাইকোর্ট ২ অক্টোবর পর্যন্ত আপিল শুনানি মুলতবি করে ৩ অক্টোবর পর্যন্ত খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়িয়েছেন। এ দিনের শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী পেপার বুক (মামলার বৃত্তান্ত) থেকে বিচারিক আদালতের রায়ের অংশবিশেষ পড়ে শোনান ও যুক্তি উপস্থাপন করেন।
এর আগে স্বাধীনতাযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ার অভিযোগে নড়াইলে করা মানহানির এক মামলায় নড়াইলের আদালতে ৫ আগস্ট খালেদা জিয়ার জামিন নামঞ্জুর হয়। এরপর ওই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়া ৯ আগস্ট হাইকোর্টে আবেদন করেন, যার ওপর আজ শুনানি হয়। আদালতে খালেদার পক্ষে শুনানিতে ছিলেন এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মীর হেলাল ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল হাসান খান।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় মানহানির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর নড়াইল সদর আমলি আদালতে ওই মামলাটি করেন জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম।
আর মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় অভিযোগে ঢাকায় করা মানহানির এক মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করেছেন খালেদা জিয়া। ২০১৬ সালের ৫ জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওই মামলাটি করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। ওই মামলায় ৭ আগস্ট খালেদা জিয়ার আবেদন বিচারিক আদালতে নামঞ্জুর হয়েছিল।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকে খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।