নড়াইলে মুক্তিযোদ্ধার ভুয়া পোষ্য কোটায় নিয়োগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার ভুয়া পোষ্য কোটায় সনদ জমা দিয়ে তায়ফুর রহমান নামের এক যুবককে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের জেলা পরিদর্শক পদে নিয়োগ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ব্যাপারে মুক্তিযোদ্ধার সন্তান হাবিবুল্লাহ ওবায়েদ নড়াইল সাব জজ আদালতে মামলা করলে আদালত ওই নিয়োগ-প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।হাবিবুলাহ ওবায়েদ দাবি করেন, ভুয়া স্বজন দেখিয়ে মুক্তিযোদ্ধার পোষ্য কোটায় চূড়ান্ত নিয়োগের জন্য মনোনীত তায়ফুর রহমানের মনোনয়ন বাতিল করে সরকারি নিয়মানুযায়ী মুক্তিযোদ্ধার সন্তানকে চাকরি দেওয়া হোক।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের একাধিক পদের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। নড়াইল পৌরসভার উজিরপুর এলাকায় পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে নিয়োগের জন্য চূড়ান্ত তালিকায় ওই গ্রামের বাকিদুল ইসলামের ছেলে মো. তায়ফুর রহমানকে (রোল ৭৬৪২৫০) মনোনীত করা হয়। তায়ফুর পোষ্য হিসেবে তাঁর নানা (মায়ের বাবা) গোপালগঞ্জের সুলতানশাহী গ্রামের মুক্তিযোদ্ধা বালা মিয়ার সনদ ব্যবহার করেন। কিন্তু তায়ফুর রহমানের মা কামরুন্নাহারের বাবার বাড়ি নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামে। কামরুন নাহারের বাবার নাম মো. লুৎফর রহমান। কামরুন্নাহার ১৯৮৮ সালে উজিরপুর গ্রামের বাকিদুল ইসলামের (তায়ফুরের বাবা) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ১৯৯৭ সালে মারা যান। একই পদে উজিরপুর এলাকার মুক্তিযোদ্ধা ওবায়দুল আকবরের সন্তান হিসেবে তালিকায় হাবুিল্লাহ ওবায়েদের নাম থাকলেও চূড়ান্ত নিয়োগ তালিকায় তায়ফুরকে নির্বাচিত করা হয়।তায়ফুর রহমান বলেন, ‘মুক্তিযোদ্ধার সনদপত্রের বিষয়ে বাবা ভালো জানেন।’ বাবা বাকিদুল ইসলাম বলেন, ‘আইনে কী হবে না-হবে, জানি না। আমার ছেলে মো. তায়ফুর রহমান বৈধ ওয়ারিশ। আমি তার বাবা। বালা মিয়া তার নানা। ১৯৯৭ সালে তায়ফুরের মা মারা গেলে বালা মিয়ার মেয়েকে আমি বিবাহ করি। তায়ফুর নতুন মায়ের কাছেই বড় হয়েছে। এই মায়ের কোনো সন্তান নেই। আমি ফারাজ করে দেখেছি তায়ফুরই উত্তরাধিকার।’জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ও নিয়োগ কমিটির সদস্যসচিব এস এম জাফরী বলেন, প্রকৃত স্বজন নির্ধারণের জন্য পুলিশের তদন্ত হলে ভালো হতো। কিন্তু বাছাইয়ের সময় সে ব্যবস্থা ছিল না। ফলে মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় তায়ফুর রহমানের নাম যুক্ত হয়েছে। তিনি বলেন, এখানে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার খাতা ও পরে মৌখিক পরীক্ষার নম্বর ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে নিয়োগ-প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় যে সনদপত্র জমা দিয়েছে, কোনো আপত্তি না থাকায় সেটা বৈধ হিসেবেই গ্রহণ করা হয়েছে। তবে আদালতে মামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।