নড়াইলে মেলায় ফের র্যা ফল ড্রর অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুল (ভিসি স্কুল) মাঠে মাসব্যাপী হস্ত ও বস্ত্রশিল্প মেলায় ফের র্যা ফল ড্রর অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। স্থানীয় ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে র্যা ফল ড্র বন্ধ করা হয়েছিল। তবে গত বৃহস্পতিবার থেকে জেলা শহরে মাইকিং করে আবারও টিকিট বিক্রি করা হচ্ছে। এর প্রতিবাদে আগামীকাল রোববার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ‘সচেতন নড়াইলবাসী’।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মণিপুরি তাঁতশিল্প কল্যাণ ফাউন্ডেশন, জামদানি-বেনারসি কল্যাণ ফাউন্ডেশন ও গোপালগঞ্জ হ্যান্ডলুম অ্যাসোসিয়েশন নামের তিনটি সংস্থার আয়োজনে ১৩ অক্টোবর এ মেলা শুরু হয়েছে। এতে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। শুরু থেকেই এ মেলা নিয়ে শহরবাসীর অনেকের আপত্তি ছিল। তাঁদের অভিযোগ, খোঁড়াখুঁড়ি করে অস্থায়ী স্থাপনা নির্মাণ করায় খেলার মাঠ ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন খেলাধুলাও বন্ধ থাকে। আবার মেলার নামে চলে লটারি ও জুয়ার আসর। মেলা শুরুর সঙ্গে সঙ্গে র্যা ফল ড্রর টিকিট বিক্রি শুরু হয়। প্রতিটি টিকিটের দাম ২০ টাকা। প্রতি রাতে ড্র অনুষ্ঠিত হয়। মোটরসাইকেল, টেলিভিশন, রেফ্রিজারেটরসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। তবে স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে কয়েক দিন পর জেলা প্রশাসন র্যা ফল ড্র বন্ধ করে দেয়। তবে বৃহস্পতিবার থেকে আবারও মাইকিং করে র্যা ফল ড্রর টিকিট বিক্রি করা হচ্ছে।
র্যা ফল ড্র বন্ধের দাবিতে আগামীকাল রোববার ১১টায় বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছে ‘সচেতন নড়াইলবাসী’। গতকাল শুক্রবার নড়াইল টাউন ক্লাবে সংগঠনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শরীফ মুনির হোসেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের নেতা-কর্মীরা।
সচেতন নড়াইলবাসীর আহ্বায়ক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার এস এ মতিন বলেন, র্যা ফল ড্রর মাধ্যমে সাধারণ জনগণ প্রতারিত হচ্ছে এবং গুটিকয়েক ব্যক্তির পকেট ভারী হচ্ছে। এর প্রতিবাদে এই কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।
জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফ বলেন, বিশেষ মহলের চাপের কারণে র্যা ফল ড্রর অনুমতি দিতে হয়েছে। তবে জনরোষ দেখা দিলে ফের সেটি বন্ধ করে দেওয়া হবে।