নড়াইলে যৌতুক না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা!
যৌতুক না পেয়ে রিক্তা বেগম (২৫) নামের এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।রোববার ভোরে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিক্তা মারা যান। নড়াইল সদর হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় গতকাল সোমবার কালিয়া থানায় মামলা হয়েছে। রিক্তার স্বামী খায়রুল মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, সাড়ে তিন বছর আগে কালিয়া উপজেলার খাশিয়াল গ্রামের রিক্তার সঙ্গে একই উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের খায়রুল মোল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদেরা রিক্তার ওপর নির্যাতন শুরু করেন। সম্প্রতি খায়রুল বিদেশ যাবেন—এই অজুহাতে স্ত্রীকে তাঁর বাবার বাড়ি থেকে তিন লাখ টাকা এনে দেওয়ার কথা বলেন। টাকা দিতে না পারায় শনিবার গভীর রাতে বাড়ির পাশের একটি গাছের সঙ্গে রিক্তাকে বেঁধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পাশের একটি ডোবায় তাঁকে ফেলে দেওয়া হয়। ভোরে ডোবা থেকে রিক্তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় খড়রিয়া বাজারের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিক্তার মৃত্যু হয়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, এ ঘটনায় খায়রুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।