নড়াইলে লাখো দীপশিখার আলোয় শহীদদের স্মরণ
নড়াইলে গতকাল রোববার সন্ধ্যায় এক লাখ দীপশিখার আলোয় স্মরণ করা হয় ভাষাশহীদদের। শহরের সরকারি ভিক্টোরিয়া কলেজের কুড়িডোব (সাবেক ওয়েলিংটন) মাঠে একুশ উদ্যাপন পর্ষদের উদ্যোগে এই দীপশিখা প্রজ্বালন কর্মসূচির আয়োজন করা হয়।গতকাল সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে সব শিখা জ্বলে ওঠে। এ প্রজন্মের ১০ হাজার শিশু-কিশোর, রাজনীতিক, সুশীল সমাজ ও ভাষাসৈনিক সন্ধ্যা সাড়ে ছয়টায় কলেজমাঠে দীপশিখা জ্বালানো কর্মসূচিতে অংশ নেন। নানা আল্পনায় আঁকা স্মৃতিসৌধ ও শহীদ মিনারের আদলে মাঠজুড়ে সারি সারি শিখা সাজানো হয়। মঞ্চ থেকে স্থানীয় ও অতিথি শিল্পীরা রবিঠাকুরের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সুরের মূর্ছনায় দীপশিখা প্রজ্বালনের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ইউসুফ বাচ্চু। এরপর শুরু হয় মুক্তিযুদ্ধভিত্তিক গণসংগীত ও দেশাত্মবোধক গান। দীপশিখা জ্বলার সময় পর্যন্ত অনুষ্ঠান চলে।একুশ উদ্যাপন পর্ষদের সদস্য সচিব কচি খন্দকার জানান, ১৯৯৭ সালে মাত্র পাঁচ হাজার মোমবাতির আলোয় ভাষাশহীদদের স্মরণ করা হয়। প্রতিবছর এর পরিধি বাড়তে বাড়তে বর্তমানে এক লাখে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়ানো হবে।