নড়াইলে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
নড়াইলে ঘন ঘন লোডশেডিংয়ে বিদ্যুৎ-ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। দিনে-রাতে মিলিয়ে ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ চলে গেলে এক থেকে দুই ঘণ্টা পর আসে। তা-ও আবার ক্ষণিকের জন্য।
এলাকাবাসীর অভিযোগ, আকাশে মেঘ দেখলেই বিদ্যুৎ নেই। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। সচেতন নড়াইলবাসীর পক্ষ থেকে স্থানীয় সুধীজন বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেও এর কোনো সুরাহা পাননি। জেলা পরিষদের সদস্য রওশন আরা কবির, মহিষখোলা গ্রামের নাছিমা রহমান, আলাদাতপুর গ্রামের আঞ্জুমান আরাসহ কয়েকজন গৃহবধূর অভিযোগ, বিদ্যুৎ না থাকায় রেফ্রিজারেটরে রাখা অনেক খাবার নষ্ট হচ্ছে।
ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং পল্লী বিদ্যুৎ নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল জেলায় ২৮ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। এর মধ্যে ওজোপাডিকোর নিয়ন্ত্রিত নড়াইল পৌর এলাকায় ৬ দশমিক ৫ মেগাওয়াট এবং পল্লী বিদ্যুতের চাহিদা ২২ মেগাওয়াট।