নড়াইলে শিক্ষকের আত্মহনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার একজন স্কুলশিক্ষক গত মঙ্গলবার ভোরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বিরোধপূর্ণ জমির একটি গাছ কেটেছিলেন তিনি। দুই হাজার টাকা মূল্যের ওই গাছের জন্য সালিসে তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
আত্মহত্যাকারী শিক্ষকের নাম রণজিৎ বিশ্বাস (৫৩)। বাড়ি নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলতলা গ্রামে। তিনি শিমুলতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক রণজিৎ বিশ্বাসের সঙ্গে প্রতিবেশী পল্লিচিকিৎসক পরিমল বিশ্বাসের জমি নিয়ে বিরোধ চলে আসছে। ১১ জুলাই রণজিৎ বিশ্বাস ওই বিরোধপূর্ণ জমি থেকে একটি শিমুলগাছ কেটে দুই হাজার টাকায় বিক্রি করেন। গাছটি নিজের দাবি করে প্রভাবশালী পরিমল বিশ্বাস ১৪ জুলাই সালিস-বৈঠক ডাকেন। তবে সালিসে তিনি কারও মতামতের তোয়াক্কা না করেই রণজিৎ বিশ্বাসকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। এরপর তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা দিতে বলেন। বাধ্য হয়ে জরিমানার টাকা পরিশোধ করেন রণজিৎ। এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে তিনি বাড়ির পাশের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তবে পরিমল বিশ্বাস দাবি করেন, তাঁর সঙ্গে রণজিৎ বিশ্বাসের কোনো বিরোধ ছিল না।
নড়াইল সদরের বিছালী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহম্মদ খায়রুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।