নড়াইলে শুরু হলো সুলতান মেলা
নড়াইলে তীব্র শীত। সুলতান মেলার ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। কিন্তু অতিথিরা বিলম্ব করেছেন, ফলে উদ্বোধনী অনুষ্ঠান কিছুটা দেরিতে শুরু হলেও মেলায় এসে সাজসাজ রব, বড় বড় ফেস্টুন, প্লাকার্ড আর শামিয়ানায় সুসজ্জিত পরিবেশ দেখে সুলতান-ভক্তদের মন ভরে যায়।গতকাল শনিবার সকাল থেকেই আসতে শুরু করে সুলতান-ভক্তরা। স্থানীয় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান-মঞ্চ চত্বরে জাঁকজমকের সঙ্গে শুরু হয়েছে সাত দিনব্যাপী সুলতান মেলা। জেলা প্রশাসন ও মেলা উদ্যাপন কমিটি আয়োজিত এ মেলা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।কুয়াশায় আচ্ছন্ন সকালে একগুচ্ছ বেলুন ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা। স্বাগত বক্তব্য দেন মেলা উদ্যাপন কমিটির সদস্যসচিব মুন্সি হাফিজুর রহমান। মেলা উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক। জেলা প্রশাসক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ পরিমল মজুমদার, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মহাসচিব আশিকুর রহমান, সাবেক সাংসদ সাঈফ হাফিজুর রহমান, পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, পৌর মেয়র সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, বিএনপির জেলা আহ্বায়ক ইকবাল হোসেন সিকদার প্রমুখ।মূল মঞ্চের পাশে কলেজের পুরোনো ভবনের হল রুমের দেয়ালে শোভা পাচ্ছে স্থানীয় শিশুশিল্পীদের আঁকা ৫০টি চিত্রকর্ম ও টেরাকোটা। এ ছাড়া মেলায় থাকছে লাঠিখেলা, কুস্তি, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল প্রতিযোগিতা, ষাঁড়ের লড়াই, সেমিনার এবং প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান।