নড়াইলে শেষ হলো সুলতান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের চিত্রা নদীর দুই পাড়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার উৎসুক মানুষ। বেলা আড়াইটা বেজে গেলেও নৌকাবাইচের দেখা নেই। ভাদ্রের কাঠফাটা দুপুরে এমনিতেই দরদর করে ঘাম ঝরছিল। কিন্তু উৎসবে অংশ নেওয়া সুলতানভক্তদের উৎসাহের কোনো কমতি ছিল না। একপর্যায়ে পুরুষ ও নারী বাইচদের ছোট-বড় ১৫টি নৌকা দেখে উল্লাসে মেতে ওঠে সবাই।
নৌকাবাইচ প্রতিযোগিতা, আর্ট ক্যাম্পে অংশ নেওয়া শিল্পীদের চিত্র প্রদর্শনী, আলোচনা সভা আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দারুণ সময় কাটিয়েছেন সুলতানভক্তরা। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য হোক আমাদের নতুন কিছু করার অণুপ্রেরণা—এ স্লোগান সামনে রেখে গত বুধবার নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে চার দিনের এ মেলার আয়োজন করা হয়। সহযোগিতা করেছে বাংলালিংক।
নৌকাবাইচ প্রতিযোগিতা শেষে সুলতান মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল গাফফার খান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট জামাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিক আহম্মেদ সিদ্দিক। বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান প্রমুখ।