নড়াইলে শ্বাসরোধে মা-মেয়েকে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের সদর উপজেলার মালিডাঙ্গা গ্রামে গত রোববার দিবাগত রাতে এক মা ও তাঁর চার বছর বয়সী মেয়েকে খুন করা হয়েছে। দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর লাশ দুটি বাড়ির পাশের ধানখেতে ফেলে রেখে গেছে। তাঁরা হলেন মালিডাঙ্গা গ্রামের মঞ্জুর মোল্লার স্ত্রী নাজমা বেগম (২৭) ও মেয়ে রজনী। গতকাল সোমবার পুলিশ ঘটনাস্থল থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি।এলাকাবাসী ও পুলিশ জানায়, মঞ্জুর মোল্লার সঙ্গে নাজমা বেগমের ১০ বছর আগে বিয়ে হয়। তাঁদের চুমকি (৭) নামে আরও এক মেয়ে আছে। মঞ্জুর পরিবহনশ্রমিক। রোববার দুপুরে মঞ্জুর কর্মস্থলে চলে যান। ওই দিন রাতেই অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে ঢুকে নাজমা বেগম ও তাঁর মেয়ে রজনীকে শ্বাসরোধে হত্যা করে পাশের জমিতে ফেলে রেখে যায়। বড় মেয়ে চুমকি পাশেই তার দাদার বাড়িতে ছিল। খুনের খবর পেয়ে পুলিশ সুপার এস এম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন।