নড়াইলে সংঘর্ষে ওসিসহ ৮ পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে পৌরসভার ডুমুরতলা মোড়ে আজ বুধবার সকালে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে সদর থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেনসহ পুলিশের আট সদস্য ও কয়েকজন অবরোধকারী আহত হন।

নড়াইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ বি এম নুরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, অবরোধকারীরা ডুমুরতলা মোড় অবরোধ করলে সকাল সাতটার দিকে পুলিশ বাধা দেয়। এতে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। অবরোধকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ।

পুলিশ সুপার এ বি এম নুরুজ্জামান জানিয়েছেন, সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোক্তার হোসেনসহ পুলিশের আটজন সদস্য আহত হন। ওসির অবস্থা গুরুতর। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বেশ কয়েকজন অবরোধ-সমর্থকও আহত হয়েছেন বলে জানা গেছে।