নড়াইলে সংঘর্ষে নিহতের ঘটনায় হত্যা মামলা
নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামে দিনমজুর ওমর শেখকে হত্যার অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। নিহত ওমরের ভাতিজা শরিফুল ইসলাম রোববার মামলাটি করেন।মির্জাপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গত শুক্রবার ওমর শেখ নিহত হন। তাঁকে হত্যার অভিযোগে রোববারে হওয়া মামলায় বিছালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইমারুল গাজীসহ ৪২ জনকে আসামি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম হত্যা মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের আটকের চেষ্টা চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি চেয়ারম্যান ইমারুল গাজী এবং মির্জাপুর গ্রামের শেখ আনিচুর রহমানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে শুক্রবার উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে আনিচুরের পক্ষের ওমর শেখ (৪৫) শুক্রবার রাত নয়টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় আনিচুরের সমর্থকেরা প্রতিপক্ষের ২৫টি বাড়ি ভাঙচুর ও লুটপাট করেন। এ নিয়ে ১৮ ডিসেম্বর প্রথম আলোতে ‘নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, ভাঙচুর ও লুটপাট’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।