নড়াইলে সংযোগ সড়কের কাজ ১৭ বছরেও হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালনা-খুলনা ভায়া নড়াইল আঞ্চলিক মহাসড়কের নড়াইল অংশের তিন কিলোমিটার সংযোগ সড়কের কাজ ১৭ বছরে শুরুই হয়নি। ওই মহাসড়কের যানবাহন নড়াইল শহরের ভেতরের রাস্তা দিয়ে চলাচল করছে। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে আঞ্চলিক এই মহাসড়কের নড়াইল অংশের চিত্রা নদীর ওপর এস এম সুলতান সেতু নির্মাণ করা হয়। মূল নকশা অনুযায়ী, এই মহাসড়কের বাসভিটা থেকে আউড়িয়া ইউনিয়নের মালিবাগ পর্যন্ত মোট ৬ দশমিক ৮ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কথা। এর মধ্যে তখন মালিবাগ থেকে ধোপাখোলা পর্যন্ত অংশের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। একই বছরে এই সংযোগ সড়কের ধোপাখোলা থেকে বাসভিটা পর্যন্ত বাকি তিন কিলোমিটার অংশের নির্মাণকাজের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাস এবং নকশা চূড়ান্ত করা হয়। সড়ক নির্মাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১৯ দশমিক ৬১ হেক্টর জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় জমি অধিগ্রহণ করা যায়নি। এ কারণে ওই সময় সংযোগ সড়কের এ অংশের নির্মাণকাজ করা হয়নি।

কালনা-খুলনা সড়কের বাসচালক মো. আশরাফ হোসেন প্রথম আলোকে বলেন, নতুন বাসটার্মিনাল (বাসভিটা) থেকে ধোপাখোলা পর্যন্ত তিন কিলোমিটারে সংযোগ সড়ক না হওয়ায় তাঁদের বাস নিয়ে শহরের ভেতরের সরু ও আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এতে ৬-৭ মিনিটের জায়গায় ২০-২৫ মিনিট লেগে যায়। শহরের ভেতরের রাস্তার দুই পাশে শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, হোটেল ও ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। রাস্তা সরু হওয়ায় কোনো গাড়িকে পাশ কাটাতে গেলে সমস্যায় পড়তে হয়।

মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরজাহান বেগম বলেন, এই সড়ক দিয়ে যানবাহন চলাচল করায় ছোট ছেলেমেয়েরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। কয়েক বছর আগে তাঁর বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সজল বাসচাপায় নিহত হয়। বিদ্যালয়ের সামনে মাছিমদিয়া চৌরাস্তা মোড়ে ওই দুর্ঘটনা ঘটে।

সওজ অধিদপ্তরের নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তাপসী দাশ বলেন, তখন অর্থ বরাদ্দ না পাওয়ায় কালনা-খুলনা ভায়া নড়াইল সংযোগ সড়কের বাকি তিন কিলোমিটার অংশ নির্মাণ করা যায়নি। ওই প্রকল্পের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে। নতুন প্রস্তাবনা পাঠাতে হবে। তিনি বলেন, ‘শুনেছি ক্রস বর্ডার প্রকল্পের অধীনে ভাটিয়াপাড়া-কালনা-নড়াইল-বেনাপোল ভায়া যশোর চার লেনের মহাসড়ক নির্মাণের সম্ভাবনা রয়েছে। তবে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো পাইনি।’