নড়াইল পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের সম্ভাব্য প্রার্থী এবং তাঁদের সমর্থকেরা নির্বাচনী মাঠে নেমেছেন। মেয়র পদে নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসবের আমেজ।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নড়াইল পৌরসভায় ভোটারসংখ্যা ২৯ হাজার ৯৬ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ৩২৮ ও নারী ১৪ হাজার ৭৬৮ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জনসমর্থন আদায়ে সম্ভাব্য প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইতে শুরু করেছেন। মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাস, সাবেক মেয়র ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী মণ্ডল, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন, আওয়ামী লীগের নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগের নেতা ও শিক্ষকনেত্রী আঞ্জুমান আরা, ভারপ্রাপ্ত মেয়র মো. মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসানুজ্জামান হাসান, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরদার আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সম্পাদক খন্দকার মুনছুর বিল্লাহ।
সম্প্রতি সরেজমিনে পৌরসভার বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড দেখা গেছে। বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ মোড়ে বাঁশ-খুঁটি দিয়ে নির্বাচনী তাঁবু তৈরি করা হয়েছে।
জেলা জাসদের সভাপতি হেমায়েত উল্লাহ বলেন, দল থেকে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী দেওয়া হবে। তবে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি। আলোচনা করে প্রার্থী চূড়ান্ত করা হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান বলেন, আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে দলের কয়েকজন নেতা মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচন করতে মাঠে নেমেছেন, তাঁরা ভোটারদের কাছে ছুটছেন। তবে দল থেকে এখনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দলের মনোনীত ব্যক্তি ছাড়া দলের কোনো নেতা-কর্মী যদি নির্বাচনে অংশ নেন তাহলে তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। কেন্দ্র থেকে এ ধরনের নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে।
সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, এই নির্বাচনই সংসদ নির্বাচনের পথ সুগম করবে। তিনি দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করবেন না। আরেক সম্ভাব্য প্রার্থী আঞ্জুমান আরা বেগম বলেন, ‘এলাকার মানুষের সমর্থন নিয়েই নির্বাচনী মাঠে নেমেছি। জনগণের কাছে ভোটও চাচ্ছি। দল কাকে মনোনয়ন দেবে সে আশায় প্রচারণা থেমে নেই।’ জুলফিকার আলী মণ্ডল বলেন, ‘দল যদি নির্বাচন করতে বলে ও নির্বাচন করার মতো পরিবেশ থাকে তাহলে করতে পারি।’