নড়াইলে সশস্ত্র মহড়া ঠিকাদার লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় তিন কোটি টাকার কাজ ভাগাভাগি করে নিতে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে সমঝোতা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে ঠিকাদার ও জেলা যুবসংহতির সাবেক সভাপতি জিকরিয়ার রহমান শিডিউল ছিনতাইয়ের বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিতে গেলে ছাত্র ও যুবলীগের ক্যাডাররা র্যাব ও পুলিশের সামনে তাঁকে লাঞ্ছিত করে। এ ঘটনায় একজনকে আটক করার পর পুলিশ তাঁকে ছেড়ে দেয়।নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারেরা জানান, চেঞ্চুরি বিল প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে স্লুইসগেট নির্মাণ, খাল সংস্কার, সিসি ব্লক নির্মাণসহ পাঁচটি গ্রুপে দুই কোটি ৮৭ লাখ টাকার কাজের দরপত্র আহ্বান করে পাউবো। এই কাজের ভাগবাটোয়ারা নিয়ে গত রোববার রাতে রূপগঞ্জ টাউন ক্লাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মহম্মদ আলীর উপস্থিতিতে আওয়ামী লীগের নেতারা আলোচনায় বসেন। ওই বৈঠকে ঠিক হয় কোন কোন ঠিকাদার কোন কাজের জন্য দরপত্র জমা দেবেন।ওই সমঝোতা অনুযায়ী কাজ পাচ্ছেন না এমন কয়েকজন ঠিকাদার গত মঙ্গলবার রাতে রূপগঞ্জ বাজারের একটি দোকানঘরে বসে দরপত্র পূরণের কাজ করছিলেন। খবর পেয়ে ছাত্র ও যুবলীগের কয়েকজন ক্যাডার সেখানে পৌঁছে শিডিউল ছিনতাই করেন। বুধবার দুপুরে ঠিকাদার ও জেলা যুবসংহতির সাবেক সভাপতি জিকরিয়ার রহমান এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলীর কাছে অভিযোগ দিতে গেলে ছাত্র ও যুবলীগের ক্যাডাররা তাঁকে পাউবো কার্যালয়ের সামনে লাঞ্ছিত করে। জিকরিয়ার রহমান বলেন, লাঞ্ছিত করার পর তাঁকে ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামানের কার্যালয়ে নেওয়া হয়। সেখানেও হাসানুজ্জামান তাঁকে অপমান-অপদস্ত করেন। তবে হাসানুজ্জামান এ অভিযোগ অস্বীকার করেন।নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী জেলা ছাত্রলীগের এক শীর্ষস্থানীয় নেতা জানান, গত বুধবার দুপুর ১২টার দিকে সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের দুই নেতা হুমায়ুন কবির ও তোফায়েল বিশ্বাস পাউবো কার্যালয়ের সামনে অবস্থানরত যুবলীগের নান্না, রানা ও বিশ্ব কুণ্ডুর কাছে গিয়ে জানতে চান, টেন্ডার ঠেকানোর টাকার ভাগ কে দেবে। এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও অস্ত্র নিয়ে প্রকাশ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় রূপগঞ্জ বাজারের দোকানপাট। পুলিশ এ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে। পরে ঘটনাস্থল থেকে ছাত্রলীগের তোফায়েল বিশ্বাসকে আটক করা হলেও ছেড়ে দেওয়া হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মহম্মদ আলী সমঝোতার বিষয়টি স্বীকার করে বলেন, স্থানীয় সাংসদের ভাতিজা সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, কাজল, নূর মোল্লা ও জাহাঙ্গীর কবিরের নামে কাজগুলো বিট হয়েছে। তিনি দাবি করেন, বুধবার পাউবো কার্যালয়ের সামনে ছাত্র ও যুবলীগের দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষ হয়েছে তা পৌর নির্বাচনের জের।এ ব্যাপারে নড়াইল পাউবোর নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার বলেন, টেন্ডার জমা দেওয়ার পর এ ঘটনা ঘটেছে। টাকার লেনদেন নিয়ে এ ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। এর সঙ্গে টেন্ডারের কোনো সম্পর্ক নেই। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এটা টেন্ডারের কোনো বিষয় নয়, দুই বন্ধুর মধ্যে মারামারির ঘটনা। পরিস্থিতি শান্ত করতে একজনকে থানায় নিয়ে আসা হয়। পরে তাঁকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।