নড়াইলে চিত্রা নদীর জোয়ারের পানির তোড়ে হঁাড়িভাঙা খালের ওপর নির্মিত স্লুইসগেটের (জলকপাট) গাইড ওয়াল ভেঙে সদর উপজেলার ছয়টি বিলের এক হাজার ৩০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। সহস্রাধিক কৃষকের পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।
গত সোমবার স্থানীয় উদ্যোগে বাঁশ ও খুঁটি দিয়ে পানি প্রবেশ বন্ধ করার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। ১৭ জুলাই বিকেলে সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের স্লুইসগেটের গাইড ওয়াল ভেঙে যায়।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক শেখ আমিনুল হক জানান, চিত্রা নদীর জোয়ারের পানির চাপে হঁাড়িভাঙা খালের স্লুইসগেটের গাইড ওয়াল ভেঙে ছোট-বড় ছয়টি বিলের ১ হাজার ৩০ হেক্টর জমি তলিয়ে গেছে। আরও ১৫ হাজার হেক্টর জমির ফসল ঝুঁকির মধ্যে রয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় এক হাজার কৃষকের পরিবার। ঝুঁকিতে আছে আরও ১৫ হাজার পরিবার। এ ঘটনায় আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানান তিনি।
গতকাল মঙ্গলবার সরেজমিন দেখা গেছে, হাড়িভাঙা খালটি চিত্রা নদীর সঙ্গে যুক্ত হয়েছে। নদীর পানি বাড়ায় খালেও পানির চাপ বেড়েছে। শিঙ্গাশোলপুর ইউনিয়নের উত্তর খলিশাখালী গ্রামের স্লুইসগেটটির গাইড ওয়াল ভেঙে লোকালয়সহ বিলে পানি ঢুকছে। এতে সদর উপজেলার কলোড়া, মুলিয়া ইউনিয়ন ও নড়াইল পৌরসভার ছয়টি বিলের বেশির ভাগ ফসলি জমিসহ প্রায় ২০টি মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। ঝুঁকিতে আছে পাঁচটি বিলসহ ১০ গ্রামের মানুষ।
কৃষক হরিচাঁদ বিশ্বাস বলেন, কাড়ার বিল, বকচরের বিল ও বরেন্দার বিল তলিয়ে গেছে। পানি ঢোকা দ্রুত বন্ধ না করা গেলে মুলিয়া ইউনিয়নের বসতভিটা, নুনখির বিল ও মাইজপাড়া এবং পৌরসভার চার-পাঁচটি বিল তলিয়ে যাবে। তিনি আরও বলেন, ‘মেলা মানুষের বাড়ি-ঘরে জল উঠিছে। ঘরেরতে বারোতি পাত্তিছে না।’
কলোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস বলেন, ‘স্লুইসগেটটি শিঙ্গাশোলপুর ইউনিয়নের মধ্যে। অথচ পানি আমার ইউনিয়নে ঢুকে কয়েক হাজার কৃষকের ফসল তলিয়ে গেছে। পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করা হচ্ছে।’
৫৫ লাখ টাকা ব্যয়ে ২০০৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) স্লুইসগেটটি নির্মাণ করে। এলজিইডি নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস বলেন, বিষয়টি জানার পর মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, জেলা প্রশাসকের বিশেষ অনুরোধে তাঁর দপ্তর থেকে যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা দেওয়া হচ্ছে।